আচমকাই অসুস্থ জনপ্রিয় গায়ক ‘জুবিন গর্গ’, কেমন আছেন এখন?

জনপ্রিয় গায়ক জুবিন গর্গ অসুস্থ হয়ে নেমকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার রাতে একটি সিনেমার প্রিমিয়ারে গিয়ে হঠাৎ করে অসুস্থ বোধ করায় তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

জানা গেছে, বুধবার রাতে নতুন অসমীয়া ছবি ‘ভাইমন দা’-এর প্রিমিয়ারে উপস্থিত ছিলেন জুবিন। তাঁর এক ঘনিষ্ঠ বন্ধু জানান, “জুবিন গর্গ বেশ কিছুদিন ধরে জ্বর ও সর্দিতে ভুগছিলেন। প্রিমিয়ার শোতে থাকাকালীন তিনি আচমকাই পেটে ব্যথা অনুভব করেন।” সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তবে আশার কথা, জুবিনের শারীরিক অবস্থা এখন আগের চেয়ে ভালো। চিকিৎসকরা জানিয়েছেন, খুব তাড়াতাড়ি গায়ককে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। ‘ইয়া আলি’ গানের এই জনপ্রিয় গায়ক দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই কামনাই করছেন তাঁর অগণিত ভক্তরা।