মুখ্যমন্ত্রীর সফরের পরই মোদীর উত্তরবঙ্গ যাত্রা! ২৯মে আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সভা, কেন বেছে নিলেন এই জায়গাটিই?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনদিনের উত্তরবঙ্গ সফরের রেশ কাটতে না কাটতেই এবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২৯ মে তিনি আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে জনসভা করবেন। রাজ্যের মধ্যে এই বিশেষ স্থানটি বেছে নেওয়ার নেপথ্যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও কৌশলগত কারণ দেখছেন বিশ্লেষকরা।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আর এক বছরেরও কম সময় বাকি। এই আবহে প্রধানমন্ত্রীর বঙ্গ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আলিপুরদুয়ারে তাঁর জনসভা ঘিরে বিজেপির অন্দরে ইতিমধ্যেই জোর তোড়জোড় শুরু হয়েছে। জানা গেছে, বিজেপির রাজ্য ও জেলা নেতৃত্ব ইতিমধ্যেই সভাস্থল ঘুরে দেখেছেন এবং মেগা সভার প্রস্তুতি জোরকদমে চলছে।
‘অপারেশন সিঁদুর’ ও বায়ুসেনার ভূমিকা: সম্প্রতি ‘অপারেশন সিঁদুর’ নামক সামরিক অভিযানে ভারতীয় বায়ুসেনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আগামী ২৯ তারিখ আলিপুরদুয়ারের যে এলাকায় প্রধানমন্ত্রী মোদী সভা করতে চলেছেন, তার ভীষণ কাছেই হাসিমারা বায়ুসেনার ছাউনি অবস্থিত। এই স্থানের নির্বাচন একটি কৌশলগত বার্তা বহন করতে পারে।
ভূ-রাজনৈতিক গুরুত্ব: বর্তমান পরিস্থিতিতে দেশের উত্তর-পূর্বাঞ্চলের ‘সেভেন সিস্টার্স’ রাজ্যগুলি এবং ‘চিকেনস নেক’ (শিলিগুড়ি করিডোর) -এর মতো সীমান্তবর্তী এলাকাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভৌগোলিক অবস্থানগুলির প্রেক্ষাপটে আলিপুরদুয়ারের জনসভা প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা এবং সীমান্তবর্তী এলাকার প্রতি কেন্দ্রীয় সরকারের মনোযোগের প্রতীক হতে পারে।
উল্লেখ্য, সম্প্রতি ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে ভারত পাক মদতপুষ্ট একাধিক জঙ্গি সংগঠনকে কড়া বার্তা দিয়েছে। কেন্দ্রের এই কঠোর অবস্থানের প্রশংসা করেছে গোটা দেশ, এবং এই ইস্যুতে বিরোধীরাও সরকারের পাশে দাঁড়িয়েছে। এই আবহে রাজ্যে আসছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২৯ মে আলিপুরদুয়ারের জনসভা থেকে তিনি কী বার্তা দেন, সেদিকে রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষ উভয়েরই নজর থাকবে।