10 বছরের মধ্যেই বলিউডকে বিদায় জানালেন আথিয়া শেঠ্ঠী! মেয়ের অভিনয় ছাড়া নিয়ে মুখ খুললেন বাবা সুনীল

বলিউড অভিনেতা সুনীল শেঠির কন্যা আথিয়া শেঠি মাত্র ১০ বছরের ফিল্মি ক্যারিয়ারকে বিদায় জানিয়েছেন। সম্প্রতি এক সংবাদমাধ্যমে বাবা সুনীল শেঠির সাক্ষাৎকারে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ‘হিরো’ ছবির এই নায়িকা এখন স্বামী ও সন্তান নিয়েই নিজের বাকি জীবন স্বাচ্ছন্দ্যে কাটাতে প্রস্তুত।

চলতি বছরের মার্চ মাসেই আথিয়া এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন, যার নাম রেখেছেন ইভারা। বর্তমানে তিনি মেয়েকে নিয়েই ভীষণ ব্যস্ত। সাধারণত, মা হওয়ার পর সিনে তারকারা চলচ্চিত্র জগৎ থেকে একটা বিরতি নিয়ে থাকেন এবং পরে আবার কাজে ফেরেন। কিন্তু আথিয়া এক্ষেত্রে ব্যতিক্রমী। তিনি নাকি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে, আর সিনেমা জগতে ফিরবেন না।

বাবা সুনীল শেঠি এক সাক্ষাৎকারে মেয়ের অভিনয় ক্যারিয়ার প্রসঙ্গে বলেন, “আথিয়া আর সিনেমা করতে ইচ্ছুক নয়। ও আমাকে জানিয়েছে, ‘বাবা, আমি আর অভিনয় করতে চাই না। সি জাস্ট লেফট।’ ওর এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে আমি সত্যিই কুর্নিশ জানাই। ‘মোতিচুর চাকনাচুর’ সিনেমার পর ওর কাছে অনেকগুলো ছবির প্রস্তাব এসেছিল, কিন্তু ও জানিয়ে দেয়, ‘আমি আর সিনেমা করতে চাই না। আমি এমনই ভালো আছি।'”

২০১৫ সালে সালমান খান প্রযোজিত ‘হিরো’ সিনেমা দিয়ে বলিউডে পা রেখেছিলেন আথিয়া। এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন আদিত্য পাঞ্চোলির ছেলে সূরজ পাঞ্চোলি। ছবিটি বক্স অফিসে সাফল্য পেলেও, এরপর আথিয়াকে খুব বেশি ছবিতে দেখা যায়নি।

এরপর ২০১৯ সালে নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে ‘মোতিচুর চাকনাচুর’ সিনেমায় শেষ দেখা যায় আথিয়াকে। ২০২৩ সালের ২৩ জানুয়ারি ভারতীয় ক্রিকেটার কে এল রাহুলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আথিয়া, এবং ২০২৫ সালের ২৪ মার্চ তাঁদের মেয়ে ইভারার জন্ম হয়।

অন্যদিকে, সুনীল শেঠির ছেলে আহান সম্প্রতি সিনেমা জগতে পা রেখেছেন। তাঁকে আইকনিক ওয়ার ড্রামা ছবি ‘বর্ডার ২’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। আথিয়ার এই সিদ্ধান্ত বলিউডে কিছুটা চমক সৃষ্টি করলেও, মাতৃত্বের আনন্দ ও পারিবারিক জীবনে মনোযোগ দেওয়ার জন্য তার এই পদক্ষেপকে অনেকে স্বাগত জানাচ্ছেন।