পুরোনোটা বাতিল করুন! নতুন প্যানেল প্রকাশের নির্দেশ High Court-এর , বেঁধে দেওয়া হলো সময়

২০২৪ সালের জয়েন্ট এন্ট্রান্স (মেডিক্যাল-স্নাতকোত্তর) পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের করা এক মামলায় কলকাতা হাইকোর্ট OBC সার্টিফিকেট নিয়ে এক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। অভিযোগ ছিল, মেডিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও অনেক পরীক্ষার্থী কাউন্সেলিংয়ে ডাক পাননি, যার ফলে তাঁরা কোনো মেডিক্যাল কলেজে ভর্তি হতে পারেননি।

বুধবার বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে এই মামলাটি উঠলে আদালত নির্দেশ দেয়, OBC পরীক্ষার্থীদের জন্য একটি নতুন প্যানেল তৈরি করতে হবে। এই নতুন প্যানেল অনুযায়ী কাউন্সেলিং এবং ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে, আদালত স্পষ্ট করে দিয়েছে যে, ২০১০ সালের পর যাদের OBC সার্টিফিকেট ইস্যু হয়েছে, সেই সব পরীক্ষার্থীরা কাউন্সেলিংয়ের সুযোগ পাবেন না। এখানে উল্লেখ্য, OBC সংক্রান্ত একটি বৃহত্তর মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে।

আদালতে রাজ্যের স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ডিরেক্টর জানান, ২০১০ সালের পর থেকে সব OBC শংসাপত্র বাতিল হওয়ার কারণে কাউন্সেলিং করা সম্ভব হয়নি। যদিও আদালতের বক্তব্য, ২০১০ সালের আগের OBC শংসাপত্র নিয়ে কোনো সমস্যা নেই, তাই তাঁদের সুযোগ দেওয়া উচিত।

হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে, পুরনো প্যানেল বাতিল করে নতুন করে প্যানেল প্রকাশ করতে হবে। এই নতুন প্যানেলে ২০১০ সালের আগের OBC শংসাপত্র থাকা পরীক্ষার্থীদেরও যুক্ত করতে হবে। এরপর কাউন্সেলিং এবং ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। গোটা প্রক্রিয়া শেষ করার জন্য হাইকোর্ট ৪০ দিনের সময় দিয়েছে।

প্রসঙ্গত, গত বছর মে মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজা শেখর মান্থার ডিভিশন বেঞ্চ ২০১০ সালের পর থেকে ইস্যু হওয়া অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ভুক্তদের দেওয়া সব শংসাপত্র বাতিল করে দেয়। সেই রায়ের ফলে এক ধাক্কায় কয়েক লক্ষ OBC শংসাপত্র বাতিল হয়ে যায়। সেই রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এবং সেই মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। রাজ্য বারবার হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চাইলেও শীর্ষ আদালত তা দেয়নি।

এই নতুন নির্দেশ জয়েন্ট এন্ট্রান্স (মেডিক্যাল-স্নাতকোত্তর) পরীক্ষার্থীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে, বিশেষত যারা ২০১০ সালের আগে OBC সার্টিফিকেট পেয়েছিলেন।