Weather: বাংলার জেলায় জেলায় টানা ঝড়বৃষ্টি, কবে থেকে বাংলায় বর্ষার প্রবেশ? জেনেনিন বিস্তারিত

বঙ্গোপসাগরে সৃষ্ট জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে বুধবার থেকেই পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে ব্যাপক বৃষ্টিপাত। উত্তর বাংলাদেশ এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ওপর অবস্থান করা এই দুটি চক্রাকার ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে, যা ভারী বৃষ্টির কারণ। আজ, বৃহস্পতিবারও বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় বৃষ্টি চলবে এবং আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহজুড়েই এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এর ফলে গরমের তীব্রতা কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
আজকের আবহাওয়া পূর্বাভাস (২২ মে, ২০২৫):
আজ এবং আগামীকাল, ২৩ মে, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এবং নদিয়াতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্যের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। ২৪ মে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এবং মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। ২৫ মে, বীরভূম, মুর্শিদাবাদ, ও নদিয়াতে আবারও বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
২০ থেকে ২৫ মে পর্যন্ত বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও, ২৬ মে থেকে আবারও দুই বঙ্গেই বৃষ্টির পরিমাণ বাড়বে।
উত্তরবঙ্গের জন্য সতর্কতা:
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বিক্ষিপ্ত ভারী বর্ষণ হতে পারে। বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৩ মে, উত্তরবঙ্গের সব জেলায় ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।
বাংলায় বর্ষা কবে আসছে?
সাধারণত কেরলে বর্ষা প্রবেশের পরেই বাংলায় তার আগমন ঘটে। এই বছর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নির্ধারিত সময়ের আগেই বর্ষা প্রবেশ করেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলায় ঠিক কবে নাগাদ বর্ষা আসবে, তা এখনও স্পষ্ট না হলেও, সব অনুকূল থাকলে সময়ের আগেই রাজ্যে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে।
সাধারণত, উত্তরবঙ্গে ৮ জুনের কাছাকাছি সময়ে বর্ষা প্রবেশ করে, আর দক্ষিণবঙ্গে বর্ষা আসার স্বাভাবিক সময় ১০ জুনের পর। চলতি বছর যদি আবহাওয়ার অনুকূল পরিস্থিতি বজায় থাকে, তবে বাঙালির প্রতীক্ষিত বর্ষা কিছুটা আগেভাগেই আগমন ঘটাতে পারে।