Recipe: বাড়িতেই বানান স্পেশাল আলু কাবলি মাখা, শিখেনিন তৈরির সেরা পদ্ধতি

স্কুল ছুটির পর গেটের বাইরে ঝাল ঝাল আলু কাবলি হাতে চলে আসার সেই স্মৃতি, কিংবা টিফিনের সময় ২ টাকায় আলুকাবলি, চুরমুর, আচার, চানাচুর, হজমি খাওয়ার মজাই ছিল আলাদা! শালপাতার বাটিতে আলুসেদ্ধ, শসা, পেঁয়াজ কুচি, ছোলা ভেজানো, আর সামান্য মশলা-তেঁতুল জলে মাখা আলুকাবলির স্বাদ আজও যেন জিভে লেগে আছে। সেই সব স্মৃতিকে সঙ্গে নিয়েই আজ বিকেলে আপনিও নিজের হাতে বানিয়ে ফেলতে পারেন আপনার প্রিয় এই খাবার। এটি শুধু পেট ভরাবে না, স্বাস্থ্যের জন্যও উপকারী।

যা যা লাগবে (উপকরণ):
টুকরো করা সেদ্ধ আলু
সেদ্ধ ছোলা-মটর
শশা কুচি
পেঁয়াজ কুচি
টমেটো কুচি
আদা কুচি
ধনেপাতা কুচি
লঙ্কা কুচি (স্বাদমতো)
তেঁতুলের ক্বাথ
লেবুর রস
ঝুরিভাজা
ভাজা মশলা (গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা ধনে, গরম মশলা – শুকনো খোলায় হালকা ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিন)
নুন (স্বাদমতো)
বাদাম ভাজা
তৈরির পদ্ধতি:
১. প্রথমে আলুগুলো ভালো করে সেদ্ধ করে নিন।
২. এবার একটি বড় পাত্রে সেদ্ধ আলু ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে নিয়ে নিন।
৩. উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিন।
৪. এবার সেদ্ধ করা আলুর টুকরোগুলো দিয়ে আবারও ভালো করে মেখে নিন, যাতে সব মশলা আলুর সঙ্গে মিশে যায়।
৫. পরিবেশনের জন্য একটি বাটিতে আলু কাবলি নিয়ে উপর থেকে ঝুরিভাজা, বাদাম ভাজা এবং লেবুর রস ছড়িয়ে দিন।

ব্যস, তৈরি আপনার নস্টালজিক আলু কাবলি! এটি খেতে যেমন সুস্বাদু, তেমনই পুষ্টিকর। এটি আপনার পেট ভরাবে এবং এটি একটি স্বাস্থ্যকর খাবার হিসেবে ডায়েটের জন্যও দারুণ।