Weather: সোম থেকে শুক্র পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়, জেনেনিন আবহাওয়ার আপডেট

গত কয়েক দিনের বৃষ্টিতে কলকাতার তাপমাত্রায় বেশ খানিকটা টান পড়েছে, যার ফলে তীব্র গরম থেকে কিছুটা হলেও স্বস্তি মিলেছে রাজ্যবাসীর। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন রাজ্যজুড়ে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উত্তরবঙ্গে হতে পারে ভারী বৃষ্টিপাত। এতে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২-৩ দিন শহরের আকাশ আংশিক মেঘলা থাকবে। দুপুরের পর দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হতে পারে। চলতি সপ্তাহের শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে রাজ্যের বিভিন্ন এলাকায় ফের বৃষ্টির দাপট দেখা যেতে পারে।
এই বৃষ্টির পেছনে বেশ কয়েকটি সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্ত কাজ করছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, হরিয়ানা থেকে উত্তর-পূর্ব অসম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যার প্রভাব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ সংলগ্ন রাজ্যগুলিতে পড়ছে। এছাড়াও উত্তরপ্রদেশ, হরিয়ানা, তেলেঙ্গানা ও অসমে একাধিক ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে, যা বৃষ্টির পরিস্থিতি তৈরি করছে। এর সঙ্গে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের একটি ঘূর্ণাবর্ত বর্তমানে দক্ষিণ-পশ্চিম দিকে সরে যাচ্ছে, যা বৃষ্টির সম্ভাবনা আরও বাড়িয়ে দিয়েছে।
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে। ফলে পাহাড়ি এবং সমতল— দুই অঞ্চলেই বৃষ্টির প্রকোপে জনজীবনে কিছুটা ভোগান্তির আশঙ্কা থাকছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। এতে গ্রীষ্মের দাবদাহের মধ্যে রাজ্যবাসীর কাছে খানিকটা স্বস্তি মিলবে।
আবহাওয়া দফতরের তরফে সতর্কবার্তা জারি করে বলা হয়েছে, বৃষ্টির সময় বজ্রপাত এড়াতে খোলা জায়গায় না থাকতে। বৃষ্টি ও বজ্রপাতের কারণে জলাবদ্ধতা এবং বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত সমস্যাও দেখা দিতে পারে। তাই বাসিন্দাদের সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।