চাকরি বাতিল…অনেকেই ফিরতে চান পুরনো চাকরিতে, গুচ্ছ গুচ্ছ আবেদন জমা পড়ল শিক্ষা দফতরে

দেশের শীর্ষ আদালতের নির্দেশে স্কুলের চাকরি বাতিল হয়েছে বহু শিক্ষকের। আদালতের পরামর্শমতোই চাকরিহারা শিক্ষকদের অনেকেই এবার তাঁদের পুরনো সরকারি চাকরিতে ফিরতে চাইছেন। এই মর্মে রাজ্যের স্কুল শিক্ষা দফতর ও মধ্যশিক্ষা পর্ষদের কাছে একগুচ্ছ আবেদন জমা পড়েছে। জানা গিয়েছে, এখনও পর্যন্ত প্রায় ৪০০ জন চাকরিহারা শিক্ষক পুরনো চাকরিতে ফিরে যাওয়ার জন্য আবেদন করেছেন।

আবেদনকারীদের মধ্যে অনেকেই আগে প্রাথমিক স্কুলের শিক্ষকতা করতেন। কেউ কেউ আবার মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে চাকরি পেয়েছিলেন। এমনও অনেকে আছেন, যাঁরা স্কুলের চাকরির নিয়োগপত্র পেলেও শেষ পর্যন্ত যোগ দেননি।

শিক্ষা দফতর সূত্রে খবর, এবার আবেদনকারীদের তথ্য যাচাই করা হবে। দেখা হবে, যাঁরা পুরনো পদে ফিরতে চেয়ে আবেদন করেছেন, তাঁরা সত্যিই আগে কোনও সরকারি দফতরে কাজ করতেন কি না।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের রায়ে জানানো হয়েছিল যে, যাঁরা অন্য সরকারি চাকরি ছেড়ে ২০১৬ সালের এসএসসির মাধ্যমে স্কুলে যোগদান করেছিলেন, তাঁরা চাইলে পুরনো কর্মস্থলে ফিরে যেতে পারেন। সেক্ষেত্রে তাঁদের সার্ভিস ব্রেক হবে না এবং তিন মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের অনুমান, পুরনো পদে ফিরতে চেয়ে আবেদনের এই সংখ্যা আগামী দিনে আরও বাড়তে পারে।