‘আদালতে দাঁড়িয়ে নিতম্বে হাত দিয়েছিল সিনিয়র আইনজীবী’! ভয়ংকর অভিজ্ঞতা জানালেন জনপ্রিয় অভিনেত্রী

টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী এবং ‘বিগ বস’ প্রতিযোগী নিমরিত কৌর আলুওয়ালিয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। ১৯ বছর বয়সে আইনের ছাত্রী থাকাকালীন দিল্লি আদালতে ইন্টার্নশিপ করার সময় ভয়াবহ হেনস্থার শিকার হয়েছিলেন তিনি। আদালতের ভিতরেই একজন সিনিয়র আইনজীবীর হাতে এই ঘটনার মুখোমুখি হন নিমরিত। আজও সেই ঘটনার কথা মনে করলে তিনি শিউরে ওঠেন বলে জানিয়েছেন।

ঠিক কী ঘটেছিল নিমরিতের সঙ্গে?

নিমরিত জানিয়েছেন, তখন তার বয়স ১৯। তিনি দিল্লি আদালতে ইন্টার্নশিপ করছিলেন। সেই সময় একজন সিনিয়র আইনজীবী তাকে আদালতে শুনানি কীভাবে হয়, তা দেখানোর জন্য একটি কোর্টরুমে নিয়ে যান। কোর্টরুমটি সেসময় খুব ভিড়ে ঠাসা ছিল। সেই ভিড়ের মাঝে দাঁড়িয়ে হঠাৎ তিনি অনুভব করেন, কেউ তার নিতম্বে হাত দিচ্ছে। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো ভিড়ের কারণে অনিচ্ছাকৃতভাবে এমনটা হচ্ছে।

কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার ভুল ভাঙে। তিনি বুঝতে পারেন যে ভিড়ের কারণে নয়, স্বয়ং সেই সিনিয়র আইনজীবীই তার পিছনে দাঁড়িয়ে বার বার তার নিতম্বে হাত দিচ্ছে। শুধু তাই নয়, ওই ব্যক্তি তার স্কার্টের ভিতরেও হাত দেওয়ার চেষ্টা করছিল বলে অভিযোগ নিমরিতের।

বিপদ বুঝতে পেরেই নিমরিত এক মুহূর্ত দেরি না করে দ্রুত কোর্টরুম থেকে বেরিয়ে আসেন। ঘটনার আকস্মিকতায় এবং ভয়ে তিনি তখন একেবারে পাথর হয়ে গিয়েছিলেন। ১৯ বছর বয়সে এমন ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি যে হবেন, তা তিনি কখনও ভাবতে পারেননি। অভিনেত্রী জানিয়েছেন, আজও সেই ঘটনার কথা মনে করলে তিনি শিউরে ওঠেন এবং ভয়ে কেঁপে ওঠেন।

জনপ্রিয় এই অভিনেত্রী তার সাক্ষাৎকারে অকপটে সেই দিনের ঘটনা বর্ণনা করে বুঝিয়ে দিয়েছেন যে কর্মক্ষেত্রে বা জনসমাগমে নারীরা কীভাবে সুরক্ষিত নন এবং অনেক সময় প্রভাবশালী ব্যক্তিদের হাতেই তাদের হেনস্থার শিকার হতে হয়। তার এই অভিজ্ঞতা অনেককেই নাড়িয়ে দিয়েছে।