Weather: রবিবারের সন্ধ্যায় বৃষ্টির পূর্বাভাস, জেনেনিন কতদিন চলবে বর্ষণ?

প্রতীক্ষার অবসান ঘটিয়ে শনিবার সন্ধ্যায় স্বস্তির বৃষ্টিতে ভিজেছে কলকাতা। শুধু মহানগর নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও হয়েছে বৃষ্টি। যার ফলে বিগত কয়েকদিনের অস্বস্তিকর, ভ্যাপসা গরম থেকে অবশেষে মুক্তি মিলেছে। রবিবার সকালেও তার রেশ দেখা গেছে। আকাশ মেঘলা থাকায় অসহনীয় গরমের দাপট উধাও। রবিবারও কি ফের বৃষ্টিতে ভিজবে কলকাতা? কী বলছে আবহাওয়া দপ্তর?
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কিছু কিছু জায়গায় হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে। এছাড়াও নদিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কমবেশি বৃষ্টি চলবে।
এই ঝড়বৃষ্টির প্রভাবে রবিবার থেকেই তাপমাত্রা কমতে শুরু করবে। সোমবার থেকে আগামী তিন দিন তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
কলকাতাতেও রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারের তুলনায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এর ফলে নাভিশ্বাস ওঠা গরম থেকে মুক্তি মিলবে। তাপমাত্রাও কিছুটা কমতে পারে, যদিও রবিবার দিনের তাপমাত্রায় খুব বেশি হেরফের হবে না। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তর দিনাজপুর এবং মালদা জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এই দুই জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে।