‘যান গিয়ে ক্ষমা চান’, কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য মধ্যপ্রদেশের মন্ত্রীর!

সেনা আধিকারিক কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে দেশের সর্বোচ্চ আদালতের কড়া ভর্ৎসনার মুখে পড়লেন মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট তাকে তীব্র ভাষায় তিরস্কার করে সংবেদনশীল হতে এবং ক্ষমা চাইতে নির্দেশ দিয়েছে।
কর্নেল সোফিয়া কুরেশি সম্পর্কে মন্ত্রী বিজয় শাহের মন্তব্যের বিষয়টি সামনে আসতেই সুপ্রিম কোর্ট অসন্তোষ প্রকাশ করে। বৃহস্পতিবার শুনানির সময় দেশের শীর্ষ আদালত সরাসরি মন্ত্রী বিজয় শাহ-কে উদ্দেশ্য করে বলেছে, “যান গিয়ে ক্ষমা চেয়ে আসুন। একটু সংবেদনশীলতা দেখান।”
আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছে, একজন সেনা আধিকারিক সম্পর্কে এই ধরনের মন্তব্য করা কেবল অনুচিতই নয়, বরং একজন মন্ত্রীর মতো দায়িত্বশীল পদাধিকারীর কাছ থেকে এমন ভাষা ব্যবহার চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় বহন করে। জন প্রতিনিধির তার বক্তব্যে আরও অনেক বেশি সংযত হওয়া উচিত বলে আদালত মনে করিয়ে দেয়।
সুপ্রিম কোর্টের এই কড়া প্রতিক্রিয়া মন্ত্রীদের দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের বিষয়ে বিচার বিভাগের কঠোর অবস্থানের ইঙ্গিত দেয়। আদালত মন্ত্রীকে তার মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার এবং ভবিষ্যতে আরও সংবেদনশীল ও দায়িত্বশীল আচরণ করার নির্দেশ দিয়েছে।