কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA বৃদ্ধি নিয়ে জল্পনা ! ২ নাকি ৩, কত শতাংশ বাড়বে? এল প্রকাশ্যে

কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি (DA Hike) নিয়ে জল্পনা ক্রমশই বাড়ছে। নিয়ম অনুযায়ী বছরে দু’বার সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করা হয় – একবার জানুয়ারী মাসে এবং অন্যবার জুলাই মাসে। চলতি বছরের প্রথম দফার বৃদ্ধি ইতিমধ্যেই ঘোষণা ও কার্যকর করা হয়েছে, এবং এখন সবার নজর কেন্দ্রীভূত হয়েছে জুলাই মাসের দ্বিতীয় দফার সম্ভাব্য বৃদ্ধির দিকে।

বর্তমানে কেন্দ্রীয় সরকারের কর্মীরা সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী বেসিক পে-র ৫৫ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। শেষবার তাদের ডিএ ২ শতাংশ বাড়ানো হয়েছিল, যা অনেকের মতে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে তুলনামূলকভাবে কম ছিল। এই প্রেক্ষাপটে জুলাইয়ের দ্বিতীয় দফায় ডিএ কত শতাংশ বাড়বে, তা নিয়ে সরকারি কর্মীদের মধ্যে জোর আলোচনা ও হিসেব নিকেশ শুরু হয়েছে।

সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ মূলত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স (AICPI) সূচকের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। এই সূচক বাড়লে মহার্ঘ ভাতা বেশি হারে বাড়ে এবং সূচক কমলে বৃদ্ধির হারও সীমিত হয়। সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী, মার্চ মাসে AICPI সূচক ০.২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৪৩.০ তে দাঁড়িয়েছে। যদিও এটি জানুয়ারী মাসের ১৪৩.২ সূচকের চেয়ে সামান্য কম, তবে আগের কয়েক মাস ধরে সূচকটি মোটামুটি উর্ধ্বমুখী ছিল।

বিশেষজ্ঞরা AICPI সূচকের গতিপ্রকৃতি বিশ্লেষণ করে অনুমান করছেন যে, আসন্ন দ্বিতীয় দফায় মহার্ঘ ভাতা বা ডিএ ২ থেকে ৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। যদি এই অনুমান সত্যি হয়, তাহলে কেন্দ্রীয় কর্মীদের ডিএ-র পরিমাণ বর্তমান ৫৫ শতাংশ থেকে বেড়ে ৫৭ বা ৫৮ শতাংশে পৌঁছতে পারে। মহার্ঘ ভাতা বাড়লে স্বভাবতই কর্মীদের বেতনেও এক ধাক্কায় উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটবে, যা তাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটাবে।

জুলাই মাস এগিয়ে আসছে এবং কর্মীদের মধ্যে প্রত্যাশা বাড়ছে। এখন এটাই দেখার, কেন্দ্র সরকার জুলাই মাসের দ্বিতীয় দফায় মহার্ঘ ভাতা ঠিক কত শতাংশ বৃদ্ধি করার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে।