প্রয়াত তেহট্টের TMC বিধায়ক ‘তাপস সাহা’..রাজ্য রাজনীতিতে শোকের ছায়া!

নদিয়ার তেহট্ট বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস সাহা প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। বুধবার সকালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রয়াণে রাজ্য রাজনীতিতে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, বুধবার সকাল আটটা নাগাদ নিজের বাড়িতেই অসুস্থ বোধ করেন তাপস সাহা। দ্রুত তাকে নদীয়ার তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউ সাপোর্ট দিয়ে ‘গ্রিন করিডর’-এর মাধ্যমে দ্রুত কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার জীবনাবসান ঘটে।
তাপস সাহার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও প্রয়াত বিধায়কের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
রাজনৈতিক জীবনে তাপস সাহা নদিয়ার দুটি ভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে টানা দু’বার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। তবে তার নাম নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সামনে এসেছিল। চাকরির টোপ দিয়ে তিনি কোটি টাকা তুলেছিলেন বলে অভিযোগ উঠেছিল, যা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল।
উল্লেখ্য, তেহট্ট বিধানসভা কেন্দ্রটি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। সম্প্রতি, এই একই লোকসভা কেন্দ্রের আওতাধীন কালীগঞ্জ বিধানসভার তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদও প্রয়াত হয়েছেন। পর পর একই লোকসভা কেন্দ্রের অন্তর্গত দুটি বিধানসভার বিধায়কের প্রয়াণে এখন তেহট্ট এবং কালীগঞ্জ – এই দুই কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।