ভারত-মায়ানমার সীমান্তে সেনার বড় সাফল্য! নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম 10 জঙ্গি

ভারত-মায়ানমার সীমান্তের কাছে মণিপুরের চান্দেল জেলায় জঙ্গিবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনীর স্পিয়ার কর্পসের অধীনে থাকা অসম রাইফেলসের সদস্যরা বুধবার একটি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অন্তত ১০ জন জঙ্গিকে নিকেশ করেছে এবং ৭ জনকে আটক করেছে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালেও ওই এলাকায় তল্লাশি অভিযান জারি রয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, জঙ্গিদের গতিবিধির গোপন খবর পেয়ে গতকাল, অর্থাৎ ১৪ মে, চান্দেল জেলার খেংজয় তহসিলের নিউ সামতাল গ্রামের কাছে অভিযান শুরু করেন অসম রাইফেলসের জওয়ানরা। নিরাপত্তা বাহিনীকে দেখামাত্রই লুকিয়ে থাকা জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। এর পাল্টা জবাব দেয় সতর্ক থাকা জওয়ানরা। দু’পক্ষের মধ্যে তীব্র গুলি বিনিময়ের পর ১০ জন জঙ্গিকে খতম করা সম্ভব হয় এবং ৭ জনকে আটক করা হয়।

ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ড বুধবার রাতেই তাদের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে এই সফল অভিযানের কথা নিশ্চিত করেছে। পোস্টে নিহত ও আটক জঙ্গির সংখ্যা উল্লেখ করার পাশাপাশি জানানো হয়েছে যে, ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে এবং বেশ কিছু বোমা নিষ্ক্রিয় করা হয়েছে।

সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে যে এই সংঘর্ষ এলাকাটি মণিপুরের রাজধানী ইম্ফল থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত এবং অঞ্চলটি বেশ জনবিরল। কোহিমার প্রতিরক্ষা মন্ত্রকের পিআরও সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন যে বৃহস্পতিবার সকালেও ওই এলাকায় অভিযান ও তল্লাশি অব্যাহত রয়েছে এবং পরবর্তীতে এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। নিহত ও আটক হওয়া জঙ্গিদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি এবং তাদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে নিরাপত্তা বাহিনীর এক আধিকারিক জানিয়েছেন।

এই অভিযান ভারত-মায়ানমার সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে সেনাবাহিনীর দৃঢ় সংকল্পের পরিচয় বহন করে।