অবশেষে স্বীকারোক্তি পাকিস্তানের! পুলওয়ামা হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন পাক সেনা

২০১৯ সালের কাশ্মীরের পুলওয়ামায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF)-এর কনভয়ে ভয়াবহ জঙ্গি হামলায় ৪০ জন জওয়ানের শহিদ হওয়ার ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা এবার কার্যত স্বীকার করে নিল পাকিস্তানি সেনাবাহিনী। এতদিন এই হামলার দায় অস্বীকার করলেও, রবিবার সকালে এক সাংবাদিক বৈঠকে পাকিস্তানের বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল ঔরঙ্গজেব আহমেদ পুলওয়ামার ঘটনাকে পাক সেনাবাহিনীর ‘কৌশলগত দক্ষতা’ বলে দাবি করেছেন। ভারতীয় ভূখণ্ডে হওয়া কোনো হামলায় পাক সেনার পক্ষ থেকে জড়িত থাকার কথা স্বীকার করার ঘটনা এটাই প্রথম, যা ভারতের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিল।
রবিবার সকালে একটি সাংবাদিক বৈঠকে নিজেদের সামরিক সক্ষমতা নিয়ে বড়াই করতে গিয়েই এয়ার ভাইস মার্শাল ঔরঙ্গজেব আহমেদ বলেন, ‘আমরা পুলওয়ামায় ওদের (ভারতকে) আমাদের কৌশলগত দক্ষতা সম্পর্কে বার্তা দেওয়ার চেষ্টা করেছি…’ তাঁর এই মন্তব্য থেকে স্পষ্ট যে পুলওয়ামা হামলা পাকিস্তানের সামরিক কৌশলেরই একটি অংশ ছিল।
ঔরঙ্গজেব তার বক্তব্যে আরও বলেন, পাকিস্তানের আকাশসীমা, জলসীমা, ভূখণ্ড বা মানুষ যদি বিপন্ন হয় তাহলে কোনো সমঝোতা করা হবে না এবং এই ধরণের ঘটনা উপেক্ষা করা যায় না। তিনি দাবি করেন, পাকিস্তানি জনগণের সশস্ত্র বাহিনীর উপর যে গর্ব এবং আস্থা রয়েছে তা তারা সর্বদা যেকোনো মূল্যে বজায় রাখেন। তিনি বলেন, পুলওয়ামায় তারা তাদের কৌশলগত দক্ষতার মাধ্যমে একটি বার্তা দিতে চেষ্টা করেছেন এবং এখন তারা তাদের অপারেশনাল অগ্রগতি এবং কৌশলগত দক্ষতা প্রদর্শন করেছেন। তার বিশ্বাস ভারতের এতে মনোযোগ দেওয়া উচিত।
উলেক্ষ্য, যখন ঔরঙ্গজেব আহমেদ এসব কথা বলছিলেন, তখন তার পাশেই বসে ছিলেন পাক সেনার প্রধান মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। এই আহমেদ শরিফ চৌধুরী হলেন পাকিস্তানি বিজ্ঞানী সুলতান বসিরউদ্দিন মহমুদের ছেলে। যে বসিরউদ্দিন মহমুদ কুখ্যাত আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের সঙ্গে দেখা করে তাদের হাতে পরমাণু বোমার প্রযুক্তি তুলে দিতে গিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। সুলতান বসিরউদ্দিন মহমুদের নাম রাষ্ট্রসংঘের সিকিওরিটি কাউন্সিলের নিষিদ্ধ সন্ত্রাসবাদীদের তালিকায় রয়েছে। পাক সেনার প্রধান মুখপাত্রের পাশে বসে এমন স্বীকারোক্তি পরিস্থিতিকে আরও গুরুতর করে তুলেছে।
বলে রাখি, পুলওয়ামা হামলার সঙ্গে পাকিস্তানের সরাসরি যোগসাজশের কথা সেদেশের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান প্রথম থেকেই অস্বীকার করেছিলেন। অন্যদিকে, ভারত পুলওয়ামা হামলার পর এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল এবং এই হামলায় অভিযুক্ত ১৯ জনের মধ্যে ৭ জনকে খতম করেছে এবং আরও ৭ জনকে ভারতীয় বাহিনী গ্রেফতার করেছে। পাকিস্তানি এয়ার ভাইস মার্শালের এই মুখ ফসকে বেরিয়ে আসা স্বীকারোক্তি পুলওয়ামা হামলার পেছনের সত্যতা এবং পাকিস্তানের রাষ্ট্রীয় মদতে সন্ত্রাসবাদের অভিযোগকে আরও জোরালো করেছে। এটি ভারতের দীর্ঘদিনের দাবিকে আনুষ্ঠানিক ভাবে মান্যতা দিল।