“আমরা সাহসী জাতি, ভারতকে ফল ভোগ করতেই হবে”- ভারতের মার্ খেয়ে ‘ফাঁপা’ হুঙ্কার শাবাজের

ভারতের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দাবি করেছেন, মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানি সেনাবাহিনী শত্রুকে অসহায় নতজানু অবস্থায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। তিনি আরও বলেন, ভারতের ‘গর্বের পাঁচটি যুদ্ধবিমান এখন কেবল ছাই আর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে’।

বুধবার (৭ মে) রাতে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদন অনুযায়ী, শেহবাজ শরিফ তার ভাষণে বলেন, পাকিস্তানি সেনাবাহিনী মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই শত্রুকে নতজানু করতে পেরেছে। তিনি বলেন, “আল্লাহর কৃপায় আমাদের ফাইটার জেটগুলো আকাশে এমন ঝড় তুলেছিল যে শত্রুরা ভয়ে চিৎকার করেছে। ভারতের গর্বের পাঁচটি যুদ্ধবিমান এখন ছাই আর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।”

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দৃঢ় কণ্ঠে বলেন, ভারতকে তাদের বিমান হামলার জন্য ফল ভোগ করতেই হবে। তিনি মনে করেন, ভারত হয়তো ভেবেছিল পাকিস্তান এই পদক্ষেপে পিছিয়ে যাবে, কিন্তু তারা ভুলে গেছে যে পাকিস্তান একটি সাহসী জাতি। তিনি দাবি করেন, পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলো ভারতের বাহিনীকে এমন আঘাত দিয়েছে, যা দীর্ঘদিনেও মেরামত করা যাবে না।

ভারতীয় হামলায় বেসামরিক হতাহতের সংখ্যা উল্লেখ করে শেহবাজ শরিফ বলেন, “ভারতের কাপুরুষোচিত হামলায় ২৬ নিরীহ বেসামরিক মানুষ নিহত হয়েছেন, ৪৬ জন আহত হয়েছেন… আমরা একটি শিশুর জানাজা পড়লাম, সাত বছরের ইর্তিজা আব্বাস।” তবে নিহতের সংখ্যা নিয়ে পাকিস্তানের সরকারি ভাষ্যে ভিন্নতা দেখা গেছে। শেহবাজ ২৬ জন নিহত হওয়ার তথ্য জানালেও, পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী পরবর্তীতে ৩১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

বুধবারের ভাষণে প্রধানমন্ত্রী শেহবাজ নিহতদের রক্তের প্রতিটি ফোঁটার বদলা নেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “ওরা এমন এক কাপুরুষ শত্রু, যারা নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর হামলা করে নিজেদের শক্তিশালী ভাবে। কিন্তু আমরা প্রমাণ করেছি যে— পাকিস্তান আত্মরক্ষায় উপযুক্ত জবাব দিতে জানে। পুরো জাতি আমাদের সশস্ত্র বাহিনীর সাহস ও শক্তির প্রতি শ্রদ্ধা জানাচ্ছে।”

শেহবাজ শরিফ আরও বলেন, প্রচলিত যুদ্ধক্ষেত্রে পাকিস্তানি বাহিনী শত্রুর তুলনায় আবারও নিজেদের অগ্রগামী প্রমাণ করেছে। তিনি সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “পুরো জাতি আপনাদের নিয়ে গর্বিত।” পাকিস্তানের প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে পুনরুক্ত করেন, “যে রক্ত ঝরেছে, তার প্রতিটি ফোঁটার জবাব দেওয়া হবে।”

উল্লেখ্য, ভারতের পক্ষ থেকে এই দাবিগুলোর বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।