সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী পোস্ট করলেই কড়া শাস্তি! কী কী নির্দেশ দিলেন কেন্দ্র?

সোশ্যাল মিডিয়ায় ছড়ানো দেশবিরোধী অপপ্রচার এবং ভুয়ো খবরের বিরুদ্ধে এবার চরম কঠোর পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তরফে স্পষ্ট নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, যে কোনও ধরনের দেশবিরোধী বা ভুয়ো খবর ছড়ালেই সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটিকে অবিলম্বে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এমনকি দেশের ভেতর বা বাইরে থেকে যদি কেউ ভারতবিরোধী প্রচার চালায়, তবে সেই অ্যাকাউন্টগুলিকে তৎক্ষণাৎ ব্লক করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই বিষয়ে পশ্চিমবঙ্গ সহ সমস্ত রাজ্য সরকারগুলিকে বিশেষ নির্দেশিকা পাঠিয়েছে। রাজ্য এবং কেন্দ্রীয় এজেন্সিগুলির মধ্যে নিবিড় সমন্বয় গড়ে তোলার উপর জোর দেওয়া হয়েছে, যাতে খুব দ্রুত ফেক অ্যাকাউন্টগুলিকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়।
শুধু তাই নয়, সীমান্তবর্তী রাজ্যগুলির সুরক্ষায় বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্তের যে সমস্ত এলাকা স্পর্শকাতর বা দুর্বল বলে বিবেচিত হয়, সেগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে। যে কোনওরকম বিপদ বা প্রতিকূল পরিস্থিতি দ্রুত মোকাবিলার জন্য সেনা, আধাসামরিক বাহিনী এবং স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করার নির্দেশ দিয়েছে কেন্দ্র।
স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্য সরকারগুলিকে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক প্রচার চালানোর কথা বলেছে। গুজব বা ভুয়ো খবরের জেরে যাতে মানুষের মধ্যে অপ্রয়োজনীয় আতঙ্ক সৃষ্টি না হয়, তার জন্য সঠিক তথ্য তুলে ধরতে হবে। মানুষকে বোঝাতে হবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে খবর, যাতে তারা বিভ্রান্ত না হন। কেন্দ্রীয় আধিকারিকদের মতে, সোশ্যাল মিডিয়া এখন দ্রুত তথ্য ছড়ানোর প্রধান মাধ্যম। কিন্তু দুর্ভাগ্যবশত, কিছু অপশক্তি একে দেশবিরোধী প্রচার এবং ভুয়ো তথ্য ছড়ানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এই ধরনের কার্যকলাপ সমাজে বিভেদ তৈরি করে এবং দেশের সুরক্ষার জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। তাই সরকার এবার দ্রুত ও কঠোর পদক্ষেপের কৌশল নিয়েছে।
বিশেষজ্ঞরা কেন্দ্রের এই সিদ্ধান্তকে অত্যন্ত সময়োপযোগী বলে মনে করছেন। তাদের মতে, ভুয়ো খবরের জেরে সামান্য ঘটনাও মারাত্মক আকার ধারণ করতে পারে, যা অতীতে বহুবার দেখা গেছে। দেশের সুরক্ষার জন্য কেন্দ্রের এই কঠোর অবস্থান জরুরি। এছাড়াও, কেন্দ্র জানিয়েছে যে কোনও জরুরি পরিস্থিতিতে দ্রুত তথ্য আদানপ্রদানের জন্য সীমান্ত অঞ্চলে একটি নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দেওয়া হবে।
সব মিলিয়ে, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে দেশের বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে একপ্রকার ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে কেন্দ্রীয় সরকার। এখন দেখার পালা, রাজ্য সরকারগুলি এই গুরুত্বপূর্ণ নির্দেশিকা কতটা দ্রুত ও কার্যকরভাবে রূপায়ণ করতে পারে।