“পরপর বিস্ফোরণের শব্দ লাহোরে…”- বেজে উঠল সাইরেন, যুদ্ধ ভয়ে কাঁপছে পাকিস্তান

পহেলগাঁও হামলার তীব্র প্রত্যাঘাত হিসেবে ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর জেরে বড়সড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। শুধুমাত্র পাকিস্তান অধিকৃত কাশ্মীর নয়, এবার পাকিস্তানের মূল ভূখণ্ডে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে ভারতীয় বাহিনী। এই অভিযানের পর থেকেই পাকিস্তানে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই আবহে এবার খোদ লাহোর শহরে ঘন ঘন বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। ভয়ে ঘর ছেড়ে রাস্তায় নেমে এসেছেন বহু বাসিন্দা, বাজছে সাইরেন। সবমিলিয়ে শহরজুড়ে এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।
পাকিস্তানের একটি টিভি চ্যানেল সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে লাহোরের ওয়ালটন রোডে বেশ কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ওয়াল্টন বিমানবন্দরের কাছে লাহোরের গোপাল নগর এবং নাসিরাবাদ এলাকাতেও ধারাবাহিক বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। বিস্ফোরণের পর সাইরেন বাজতে শুরু করলে স্থানীয় মানুষ আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। আশেপাশের এলাকাগুলির আকাশে ধোঁয়াও দেখা গিয়েছে বলে চ্যানেলটি জানিয়েছে।
লাহোর পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে, ওয়ালটন বিমানবন্দরের কাছে একটি ড্রোন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মনে করা হচ্ছে, জ্যামিং সিস্টেমের কারণে ড্রোনটিকে গুলি করে নামানো হয়েছে এবং সেই কারণেই বিস্ফোরণটি ঘটেছে। এছাড়া, লাহোরের আকসারি ৫ নম্বর রোডের কাছেও আরও দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে পুলিশ সূত্র মারফত জানা যায়।
প্রসঙ্গত, গত ২২ জুলাই কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় হিন্দু তীর্থযাত্রীদের উপর নৃশংস হামলা চালায় জঙ্গিরা। ধর্মীয় পরিচয় জিজ্ঞেস করে বেছে বেছে হিন্দুদের হত্যা করা হয় সেই হামলায়। এই বর্বরোচিত ঘটনায় ২৫ জন পর্যটক এবং একজন কাশ্মীরি নাগরিকের মৃত্যু হয়। এই ঘটনার পর ভারত কূটনৈতিক স্তরে একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করে, যার মধ্যে সিন্ধু জল চুক্তি বাতিলের মতো সিদ্ধান্তও অন্তর্ভুক্ত ছিল। এই হামলার বদলা নেওয়ার দাবিতে দেশজুড়ে ব্যাপক জনমত তৈরি হয়। এই প্রেক্ষাপটেই বুধবার মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের মোট ৯টি নির্দিষ্ট সন্ত্রাসবাদী ঘাঁটিতে ভারতীয় সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর যৌথ অভিযান চালায়, যার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। মনে করা হচ্ছে, এই অভিযানের জেরেই পাকিস্তানে, বিশেষ করে লাহোরের মতো শহরে, এই ধরনের আতঙ্ক ও অস্থিরতা তৈরি হয়েছে।