‘অপারেশন সিঁদুরের নামে গাজার ভিডিও পোস্ট করছে বিজেপি’ মহুয়ার দাবিতে শোরগোল!

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-এ নৃশংস জঙ্গি হামলার উপযুক্ত জবাব দিয়েছে ভারতীয় সেনা। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদীদের একাধিক ঘাঁটিতে অতর্কিতে হামলা চালিয়েছে ভারত। ‘অপারেশন সিঁদুর’ নামে এই অভিযানের পর গোটা দেশজুড়ে যখন উচ্ছ্বাসের আবহ, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ প্রত্য়েকে ভারতীয় সেনার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন, ঠিক তখনই বিস্ফোরক দাবি করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর অভিযোগ, এই অভিযানকে ঘিরে বিজেপি ভুয়ো ভিডিও ছড়াচ্ছে।
বুধবার সকালে নিজের সমাজমাধ্যমে একটি পোস্ট করে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র ভারতীয় সেনাকে ‘অপারেশন সিঁদুর’-এর জন্য সাধুবাদ জানান। তিনি লেখেন, ‘ভারতীয় সেনাকে অপারেশন সিঁদুর-এর জন্য সাধুবাদ জানাই। জয় হিন্দ।’ তবে এর পরেই তিনি বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। মহুয়া দাবি করেন, ভারতীয় সেনার বীরত্বপূর্ণ কাজকে সামনে রেখে বিজেপি তাদের মিডিয়া সেল ব্যবহার করে ভুয়ো ভিডিও পোস্ট করছে, যা অত্যন্ত নিন্দনীয়।
মহুয়া মৈত্র নির্দিষ্টভাবে অভিযোগ করেন যে, ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে সেটিকে ভারত-পাকিস্তান যুদ্ধ বলে দাবি করা হচ্ছে, অথচ সেটি আসলে ইজরায়েলের গাজাকে আক্রমণ করার ভিডিও। তৃণমূল সাংসদ লেখেন, ‘ভুয়ো ভিডিও ফেসবুকে ছড়িয়ে সেটা ভারত পাকিস্তান যুদ্ধ দেখাচ্ছে। আসলে এই ভিডিওটা ইজরায়েল দেশের গাজাকে আক্রমণ করার ভিডিও’। নিজের পোস্টের সঙ্গে তিনি এই ধরনের বেশ কিছু পোস্টের স্ক্রিনশনও শেয়ার করেছেন।
এহেন স্পর্শকাতর সময়ে বিজেপি দ্বারা প্রচারিত কোনও সংবাদে বিশ্বাস না করার পরামর্শ দিয়ে মহুয়ার সতর্কবার্তা, ‘সাবধান- এই স্পর্শকাতর সময়ে বিজেপি দ্বারা প্রচার করা কোনও খবর বিশ্বাস করবেন না। এরা সকলে ভুয়ো খবর ছড়াতে এক্সপার্ট’।
উল্লেখ্য, সপ্তাহ দুয়েক আগে কাশ্মীরের পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলা চালানো হয়, যাতে অন্তত ২৬ জন নিরীহ মানুষ প্রাণ হারান। এরপরেই নানান মহল থেকে ‘বদলা’র দাবি উঠতে শুরু করেছিল। সেই দাবির পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার গভীর রাতে পহেলগাঁও হামলার ‘যোগ্য জবাব’ দেয় ভারত। অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়।
জঙ্গি নিকাশের এই সফল অভিযানের পর গোটা দেশজুড়ে এখন উচ্ছ্বাসের আবহ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযানকে স্বাগত জানিয়ে লেখেন, ‘জয় হিন্দ! জয় ভারত!’ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও সেনার প্রশংসা করেছেন।
তবে এই উল্লাসের মাঝেই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের এই বিস্ফোরক দাবি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। একদিকে যখন ভারতীয় সেনার পদক্ষেপ নিয়ে দেশের প্রায় সব মহল থেকে প্রশংসা আসছে, সেখানেই তৃণমূল সাংসদ বিজেপির বিরুদ্ধে এই অভিযানকে ঘিরে ভুয়ো তথ্য ছড়ানোর মতো গুরুতর অভিযোগ তুলেছেন।
উল্লেখ্য, অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানি সেনার পাল্টা গুলিবর্ষণে নিয়ন্ত্রণ রেখা বরাবর ৩ জন ভারতীয় নাগরিকের মৃত্যু ঘটেছে, যা ঘটনার অন্য একটি দুঃখজনক দিক। সব মিলিয়ে, পহেলগাঁও হামলার পরবর্তী পরিস্থিতি এবং ভারতের পাল্টা পদক্ষেপ ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে।