সুজাতা মণ্ডল ‘দুর্নীতিবাজ’, ‘তোলাবাজ’, বিস্ফোরক অভিযোগ সৌমিত্র খাঁর

রাজনৈতিক আঙিনায় আবারও বিস্ফোরক মন্তব্য করে শোরগোল ফেলে দিয়েছেন বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ। এবার তাঁর আক্রমণের লক্ষ্যবস্তু তাঁর প্রাক্তন স্ত্রী এবং তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল। বাঁকুড়া জেলার রাজনীতিতে এই প্রাক্তন দম্পতি পরস্পরবিরোধী শিবিরে অবস্থান করছেন – সৌমিত্র খাঁ একদিকে বাঁকুড়ার সংসদ সদস্য, অন্যদিকে সুজাতা মণ্ডল বাঁকুড়া জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ। এই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার আবহে বিজেপি নেতা সৌমিত্র খাঁ তাঁর প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি, তোলাবাজি এবং দায়িত্বে অবহেলার মতো একাধিক গুরুতর অভিযোগ এনেছেন।

সৌমিত্র খাঁ সোশ্যাল মিডিয়ায় লাইভ এসে সুজাতা মণ্ডলের বিরুদ্ধে অভিযোগের ঝাঁপি খুলে দেন। তিনি দাবি করেন, সুজাতা মণ্ডল গত ছয় বছর ধরে স্কুলের শিক্ষকতা করতে যাননি, অথচ নিয়মিত বেতন নিচ্ছেন। লাইভে সুজাতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনি সব সময় ব্যক্তিগত আক্রমণ করেন। সেই নিয়ে আইনি নোটিশ আমার কাছে আসছে। কিন্তু আমার কাছে একটি ফাইল আছে যা প্রমাণ করে যে গত ছয় বছর ধরে আপনি শ্যামবাজারের একটি স্কুলের শিক্ষক হওয়া সত্ত্বেও একদিনের জন্যেও স্কুলে যাননি।” প্রাক্তন স্ত্রীর পাশাপাশি সৌমিত্র রাজ্য সরকারকেও কাঠগড়ায় তুলেছেন। তিনি বলেন, “পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে আমার প্রশ্ন, ছয় বছর ধরে শ্যামবাজারের ওই স্কুলে না গিয়েও কীভাবে উনি প্রতি মাসে বেতন পাচ্ছেন? সবচেয়ে লজ্জার বিষয় হলো, যেদিন উনি মনোনয়নপত্র জমা দিয়েছেন, সেদিনের বেতনও উনি পেয়েছেন। আমার কাছে এর সমস্ত নথি আছে।”

সৌমিত্র খাঁ আরও অভিযোগ করেন যে, লোকসভা নির্বাচনের প্রচারণার কাজে ব্যস্ত থাকার সময়েও সুজাতা মণ্ডল স্কুলে অনুপস্থিত থেকেও বেতন তুলেছেন। তিনি শিক্ষা সচিব ও শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, “দুর্নীতি তো সর্বত্র চলছে, কিন্তু একজন শিক্ষক কীভাবে ছয় বছর স্কুলে না গিয়ে বেতন পেতে পারেন? শিক্ষা সচিব এবং শিক্ষামন্ত্রীর এই বিষয়টি দেখা উচিত। আসলে দুর্নীতিগ্রস্ত শিক্ষামন্ত্রী এবং দুর্নীতিগ্রস্ত শিক্ষা দফতরই এর জন্য দায়ী।”

সৌমিত্র খাঁ এখানেই থামেননি। তিনি সুজাতা মণ্ডলের বিদেশ যাত্রা এবং আয়ের উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, প্রমাণ ছাড়া তিনি কোনো কথা বলেন না। সৌমিত্র বলেন, “উনি মৎস্য দফতরের জেলা পরিষদের ১৭ শতাংশ কাটমানি নিচ্ছেন। এই টাকার উৎস কী?” তিনি আয়কর দফতরে চিঠি দিয়ে বিষয়টি জানানোরও হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি, এক বছরে সুজাতা মণ্ডলের তিনবার বিদেশ ভ্রমণের বিষয়টি তুলে ধরে তিনি প্রশ্ন তুলেছেন, এত টাকা তিনি কোথা থেকে পাচ্ছেন।

সৌমিত্র খাঁ আরও ব্যক্তিগত আক্রমণ করে বলেন, “ও ভণ্ড, দুশ্চরিত্র নারী, ছয় বছর ধরে টাকা তুলছে। আমি এতদিন অনেক চুপ ছিলাম।” তিনি আরও অভিযোগ করেন যে, সুজাতার বাবা এবং সুজাতা নিজেও গ্রামে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বহু মানুষের কাছ থেকে টাকা তুলেছেন। যদিও প্রাক্তন স্বামীর এসব অভিযোগ নিয়ে তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি।