ফের খড়গপুর IIT-তে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার, ভোর-রাতে দরজা ভেঙে দেহ বের করল পুলিশ

আবারও খবরের শিরোনামে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT) খড়গপুর। ফের উদ্ধার হলো এক ছাত্রের ঝুলন্ত দেহ। এই নিয়ে চলতি বছরেই ক্যাম্পাসটিতে তিন ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনা ঘটল, যা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
রবিবার ভোরবেলা আইআইটি খড়গপুরের মদন মোহন মালব্য হলের এসডিএস ব্লকের ১৩৫ নম্বর রুমে নিজের ঘর থেকে মহম্মদ আসিফ কামার (Mohammad Asif Kamar) নামে চতুর্থ বর্ষের এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। আসিফ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন বলে জানা যাচ্ছে।
পুলিশ ও হোস্টেল সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত থেকেই আসিফের ঘরের দরজা বন্ধ ছিল। রবিবার ভোর পর্যন্ত অনেক ডাকাডাকি করেও তার কোনও সাড়া পাওয়া যায়নি। সহপাঠীরা বারবার চেষ্টা করেও দরজা খুলতে না পারায় বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে ভোর সাড়ে তিনটে নাগাদ ক্যাম্পাসের মধ্যে থাকা হিজলি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দরজা ভেঙে ঘরে ঢুকতেই ওই ছাত্রের ঝুলন্ত দেহ দেখতে পান সকলে। এরপর দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।
আসিফ বিহারের শিওহর জেলার গারাহিয়ার গ্রামের বাসিন্দা ছিলেন বলে পুলিশ জানিয়েছে। ইতিমধ্যেই পুলিশ ও আইআইটি কর্তৃপক্ষ তার বাড়িতে খবর পাঠিয়েছে এবং পরিবারের সদস্যরা খড়গপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
তবে সবচেয়ে উদ্বেগজনক হলো এই নিয়ে এই বছরেই আইআইটি খড়গপুর ক্যাম্পাসে তিন ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল। এর আগে গত মাসে অনিকেত ওয়ালকর নামে এক পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছিল। তারও আগে গত জানুয়ারি মাসে শাওন মালিক (২১) নামে আরও এক পড়ুয়ার রহস্যজনক মৃত্যু হয়েছিল খড়গপুর আইআইটিতে। অল্প সময়ের ব্যবধানে বারবার এমন ঘটনা ঘটায় ক্যাম্পাসের অন্দরে গভীর রহস্য ও চাপা উত্তেজনা বিরাজ করছে। ছাত্রমৃত্যু ঘিরে প্রশ্ন উঠছে আইআইটি খড়গপুরের পরিবেশ ও নিরাপত্তা নিয়েও। পুলিশ প্রতিটি ঘটনার তদন্ত শুরু করলেও, এর পেছনের কারণ এখনও স্পষ্ট নয়।