শ্যুটিং ফ্লোরেই মুখ থুবড়ে মাটিতে পড়ে গেলেন বরুণ, কান্ড দেখে হাসি থামছে না ম্রুণাল, মৌনীর! ভাইরাল ভিডিও

গত বছর বক্স অফিসে বরুণ ধাওয়ানের ছবি আশানুরূপ ব্যবসা না করলেও, বর্তমানে তিনি বেশ কয়েকটি নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত। হাতে রয়েছে ‘সানি কি তুলসী কুমারী’, ‘হ্যায় জওয়ানি তো ইশক হো না হে’, এবং ‘বর্ডার ২’-এর মতো ছবি। এর মধ্যে ‘হ্যায় জওয়ানি তো ইশক হো না হে’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন অভিনেতা। ডেভিড ধাওয়ান পরিচালিত এই ছবিতে বরুণের বিপরীতে দেখা যাবে মৌনী রায় এবং ম্রুণাল ঠাকুরকে। ছবিটি মুক্তি পাওয়ার কথা আগামী ২ অক্টোবর।
সম্প্রতি এই ছবির শ্যুটিং সেট থেকে একটি মজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা ঘিরে নেটপাড়ায় হাসির রোল উঠেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, শ্যুটিংয়ের ফাঁকে বরুণের সঙ্গে খুনসুটি করছেন তার সহ-অভিনেত্রী মৌনী রায় এবং ম্রুণাল ঠাকুর। বরুণ যখন অন্যমনস্ক ছিলেন, তখন মৌনী এবং ম্রুণাল নিচু হয়ে চুপিসারে বরুণের জুতোর ফিতে দুটি একসঙ্গে বেঁধে দিচ্ছেন!
এই কাণ্ড দেখে পেছন থেকে কেউ একজন জিজ্ঞাসা করেন, “কী হচ্ছে?” তখনই ম্রুণাল ঠাকুর মজা করে ছবির নাম ভূমিকায় থাকা গান, ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ গাইতে শুরু করেন।
এদিকে, কী ঘটতে চলেছে সে সম্পর্কে বিন্দুমাত্র অবগত ছিলেন না বরুণ। জুতোর ফিতে বাঁধা অবস্থায় কোনওরকমে হাঁটার চেষ্টা করতেই ঘটে বিপত্তি। ভারসাম্য রাখতে না পেরে মুখ থুবড়ে মাটিতে পড়তে যান অভিনেতা! তবে ভাগ্যক্রমে, সঙ্গে সঙ্গেই দুই অভিনেত্রী তাকে ধরে ফেলেন। কোনওরকমে নিজেকে সামলে নিয়ে পাশে রাখা একটি সোফায় বসে পড়েন বরুণ। সেটে উপস্থিত সকলেই এই ঘটনা দেখে হেসে ফেলেন, বাদ যাননি পরিচালক ডেভিড ধাওয়ানও। কাজের ফাঁকে এমন হালকা মজার মুহূর্ত উপভোগ করেন সকলেই।
View this post on Instagram
ভিডিওটি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে বরুণ মজা করে ক্যাপশনে লিখেছেন, ‘আমার সঙ্গে গুন্ডার মতো আচরণ করা হচ্ছে।’ ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের একাংশ বরুণের সঙ্গে এমন মজা না করার অনুরোধ জানিয়েছেন, তবে অনেকেই মৌনী ও ম্রুণালকে একসঙ্গে পর্দায় দেখতে পাওয়ার আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। শ্যুটিংয়ের ব্যস্ততার মাঝে এই মজার ভিডিওটি অভিনেতার অনুরাগীদেরও বেশ আনন্দ দিয়েছে।