পাকিস্তানের উপর চরম চাপ ভারতের! বন্ধ সমস্ত বাণিজ্য, কী কী আমদানি-রপ্তানি হয় দুই দেশের?

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পর থেকেই পাকিস্তানের উপরে একের পর এক কড়া প্রত্যাঘাত করে চলেছে ভারত। পাকিস্তানকে সব দিক থেকে চাপে রাখার কৌশলের অংশ হিসেবে এবার ইসলামাবাদ-এর সঙ্গে সমস্ত রকম প্রত্যক্ষ এবং পরোক্ষ বাণিজ্য বন্ধ করার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নয়াদিল্লি। এর আগে পাকিস্তানও ভারতের সঙ্গে সমস্ত রকম বাণিজ্য বন্ধ করার কথা ঘোষণা করেছিল।

পহেলগাঁও হামলার পর থেকে ভারতের নেওয়া কঠোর পদক্ষেপগুলির মধ্যে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করা, পাকিস্তানিদের ভিসা বাতিল করা এবং বিনোদন জগতেও প্রভাব ফেলা অন্তর্ভুক্ত। তবে নতুন এই বাণিজ্য নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পাকিস্তানকে আর্থিকভাবে আরও চাপে ফেলবে বলে মনে করা হচ্ছে।

ভারত এবং পাকিস্তানের মধ্যে বন্ধ সমস্ত বাণিজ্য:
উল্লেখ্য, প্রতিবেশী পাকিস্তান বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে ভারতের উপরে অনেকটাই নির্ভরশীল। প্রতি বছর কোটি কোটি টাকার পণ্য ভারত থেকে আমদানি করে থাকে পাকিস্তান। অবশ্য ভারতও বেশ কিছু পণ্য পাকিস্তান থেকে কিনে থাকে, তবে সরকারি রিপোর্ট বলছে টাকার অঙ্কে তা তুলনামূলক ভাবে অনেকটাই কম।

পাকিস্তান থেকে কী কী আমদানি করে ভারত:
পাকিস্তান থেকে ভারত মূলত তুলো, তামা, ফল, খনিজ তেল, নুন, প্লাস্টিকের উপকরণ, সালফার, চামড়া ইত্যাদি আমদানি করে থাকে। সরকারি রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালে পাকিস্তানের থেকে মোট ২.৮৯ লক্ষ টাকার প্লাস্টিকের সরঞ্জাম কিনেছে ভারত। এছাড়াও প্রায় ১৫.১৬ লক্ষ টাকার তুলো এবং ১১.৩৩ লক্ষ টাকার খেলনা, বৈদ্যুতিক উপকরণ, ধাতব আকরিক, যন্ত্রপাতিও আমদানি করা হয়েছে পড়শি দেশের থেকে। তার আগে ২০২৩ সালের রিপোর্ট বলছে, প্রায় ৩ কোটি টাকার বিভিন্ন ভোজ্য বস্তু পাকিস্তানের থেকে কিনেছে ভারত। পাশাপাশি নুন, সিমেন্ট, সালফার, চুন কিনতে খরচ হয়েছে প্রায় ৮৪.১০ লক্ষ টাকা।

ভারতের থেকে কী কী কেনে পাকিস্তান:
অন্যদিকে, পাকিস্তানের বাণিজ্য পরিসংখ্যান সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরে। তারা ভারতের থেকে অনেক বেশি টাকার পণ্য আমদানি করেছে। এই তালিকার একেবারে প্রথম দিকেই রয়েছে ওষুধ এবং চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম। পাশাপাশি দুগ্ধজাত পণ্য, সবজি, বিভিন্ন রাসায়নিকও পাকিস্তানকে রপ্তানি করে ভারত। ২০২৪ সালের পরিসংখ্যান বলছে, ভারতের থেকে প্রায় ১৩৮৮ কোটি টাকার জৈব রাসায়নিক কিনেছে পাকিস্তান। সেই সঙ্গে ১০২২ কোটি টাকার ওষুধ, প্রায় ৪১ কোটি টাকার প্লাস্টিক উপকরণ, ৩৯ কোটি টাকা মূল্যের বিভিন্ন অজৈব রাসায়নিক এবং ২২ কোটি টাকার খনিজ জ্বালানি ও রাসায়নিক উপকরণ ভারত থেকে আমদানি করেছে পড়শি রাষ্ট্র।

বাণিজ্য বন্ধের প্রভাব কার উপরে বেশি?
এমতাবস্থায় পরিসংখ্যান থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে, ভারতের উপরে বিভিন্ন ক্ষেত্রে কতটা নির্ভরশীল পাকিস্তান। বিশেষ করে ওষুধ এবং বিভিন্ন রাসায়নিকের জন্য পাকিস্তানের নির্ভরতা ভারতের উপরে অনেকটাই বেশি। তাই বাণিজ্য বন্ধ হওয়াতে পাকিস্তানের উপরে এর গুরুতর প্রভাব পড়বে এবং ইসলামাবাদ বড় বিপাকে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, এর আগে পুলওয়ামা হামলার পরেও ভারত ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য বন্ধ হয়েছিল। সে সময় থেকেই পাকিস্তানের থেকে আমদানি কমিয়ে বিকল্প পথ খুঁজে নেয় ভারত। পরবর্তীতে নিষেধাজ্ঞা শিথিল হতেই আবারও ভারতের থেকে আমদানি বাড়ায় পাকিস্তান। কিন্তু ভারতের ক্ষেত্রে আমদানি সেভাবে বাড়েনি। এই ঘটনা আবারও প্রমাণ করে, পাকিস্তানের তুলনায় ভারত বাণিজ্যিকভাবে অনেকটাই কম নির্ভরশীল।

সমস্ত রকম বাণিজ্য বন্ধ করার ঘোষণা করে নয়াদিল্লির তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তা এবং সরকারি নীতির জন্যই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের এই পদক্ষেপ দুই দেশের সম্পর্কের উত্তেজনা আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে।