উপোস করলেই রোগমুক্তি! বাবা-মায়ের চাপে না খেয়ে প্রাণ গেল শিশুকন্যার

যে বয়সে একটি শিশু সবেমাত্র কথা বলতে শেখে এবং স্বাভাবিক পুষ্টি তার বেড়ে ওঠার জন্য অপরিহার্য, সেই মাত্র তিন বছর বয়সেই তাকে জোর করে উপোস করানো হল। বাবা-মায়ের ধর্মীয় বিশ্বাসের চাপে দিনের পর দিন খাবার ও জল ছাড়া থাকতে বাধ্য হয়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ল এক টিউমার আক্রান্ত শিশুকন্যা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। জৈন ধর্মে ‘সান্থারা’ নামক একটি শতাব্দী প্রাচীন রীতি পালন করতে গিয়েই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মৃত শিশুটির নাম বিনয়া। তার বাবা পীযূষ জৈন পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী এবং মা বর্ষা জৈন। বিনয়া ছিল তাঁদের একমাত্র সন্তান। ২০২৪ সালের ডিসেম্বর মাসে জানা যায়, বিনয়া ব্রেন টিউমারে আক্রান্ত। মুম্বইয়ে দীর্ঘদিন ধরে তার চিকিৎসা করানো হয়, এমনকি জটিল অস্ত্রোপচারও করা হয়েছিল। তা সত্বেও বিনয়ার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি ঘটছিল এবং মার্চ মাসের মধ্যে চিকিৎসকরা তার বেঁচে থাকার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন।
মেডিক্যাল সায়েন্স যখন জবাব দিয়ে দিচ্ছে, তখনই বিনয়ার বাবা-মা পীযূষ ও বর্ষা পুরোনো ধর্মীয় আচার পালনে অতিমাত্রায় বিশ্বাসী হয়ে ওঠেন। তাঁদের প্রবল ধারণা হয় যে উপোস করলে বা কঠোর ধর্মীয় রীতি মানলেই বিনয়ার কঠিন অসুখ সেরে যাবে এবং সে জীবন ফিরে পাবে। এই বিশ্বাস থেকেই ২১ মার্চ তাঁরা ইন্দোরে জৈন ধর্মগুরু রাজেশ মুনি মহারাজের সঙ্গে দেখা করেন।
পীযূষ সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সেদিন গুরুজি তাদের জানান যে বিনয়ার মৃত্যু ক্রমেই ঘনিয়ে আসছে। তাই তাকে ‘সান্থারা’ পালন করার নির্দেশ দেন তিনি। ‘সান্থারা’ হলো জৈন ধর্মাবলম্বীদের একটি শতাব্দী প্রাচীন রীতি, যেখানে স্বেচ্ছায় খাবার ও জল ত্যাগ করে মৃত্যু পর্যন্ত উপোস করা হয়। সাধারণত প্রাপ্তবয়স্করা জীবনের শেষ পর্যায়ে এই ব্রত পালন করেন।
তবে এই ক্ষেত্রে মাত্র তিন বছরের বিনয়াকে সান্থারা ব্রত করানো হয়। জানা গেছে, জৈনদের মধ্যে বিনয়াই হলো সর্বকনিষ্ঠ, যে এই ব্রত পালন করে। তার এই বিষয়টি ‘গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে’ নাম তুলেছে বলেও খবর পাওয়া গেছে।
পীযূষ সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গুরুজির আদেশেই তাঁরা তাঁদের খুদে সন্তানকে সান্থারা ব্রত করাতে রাজি হন। তিনি আরও বলেন, এই ব্রত শেষ করার মাত্র দশ মিনিট পরেই বিনয়া মৃত্যুর কোলে ঢোলে পড়ে।
অসুস্থ এক তিন বছরের শিশুকে এভাবে জোর করে উপোস করিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া নিয়ে দেশজুড়ে তীব্র বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এই ঘটনা ধর্মীয় বিশ্বাস বনাম শিশু সুরক্ষা এবং নৈতিকতার প্রশ্ন সামনে এনেছে। বাবা-মায়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে।