লক্ষ লক্ষ যাত্রীদের জন্য দারুণ সুখবর! কলকাতা বিমানবন্দরে বিরাট সুবিধা, বাড়বে উড়ান সংখ্যা-কমবে অপেক্ষা

প্রায় এক বছরের বেশি সময় ধরে বন্ধ থাকার পর অবশেষে খুলে দেওয়া হলো কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের অন্যতম গুরুত্বপূর্ণ এবং দীর্ঘতম ট্যাক্সিওয়ে, ট্যাক্সি ট্র্যাক এ-এর একটি বড় অংশ। এর পাশাপাশি আপগ্রেডের জন্য বন্ধ থাকা ট্যাক্সিওয়ে সি-ও পুনরায় চালু করা হয়েছে। গত শুক্রবার (৩ মে) থেকে এই ট্যাক্সিওয়েগুলি ফের চালু হয়েছে। এর ফলে কলকাতা বিমানবন্দরে বিমান চলাচল আরও সহজ এবং দ্রুত হবে বলে আশা করা হচ্ছে, যার মূল লক্ষ্য হলো বিমানের অপেক্ষার সময় কমানো এবং পরিচালন দক্ষতা বৃদ্ধি করা।
মেরামতির কাজের জন্য কলকাতা বিমানবন্দরের দীর্ঘতম ট্যাক্সিওয়ে, ২,৯৪০ মিটার দৈর্ঘ্যের ট্যাক্সি ট্র্যাক এ-এর ১,৬৪৪ মিটার অংশ বন্ধ করে রাখা হয়েছিল। এর সঙ্গে ট্যাক্সিওয়ে সি-ও বন্ধ ছিল আপগ্রেডের জন্য। এই দুটি ট্যাক্সি ট্র্যাক পুনরায় চালু হওয়ার ফলে বিমান ওঠা-নামার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে।
বিমানবন্দর কর্তৃপক্ষের মতে, আগে কলকাতা বিমানবন্দরে কিছু নির্দিষ্ট সময়ে ব্যস্ততা থাকলেও এখন সারাদিন ধরেই ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, ফলে দিনে ছয় থেকে সাতটি পিক আওয়ার তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে বিমানের দ্রুত চলাচল এবং পার্কিং বে খালি করার প্রয়োজনীয়তা বেড়েছে। বিমানবন্দর সূত্রের খবর, কিছু পার্কিং বে এমন ভাবে তৈরি যেখানে একটি বিমান রানওয়ের পথে যেতে আটকে গেলে পিছনের বিমানগুলিও দাঁড়িয়ে পড়ে। ট্যাক্সিওয়ে এ এবং সমান্তরাল ট্যাক্সিট্র্যাক এফ উভয়ই চালু থাকলে এই সমস্যা অনেকটাই কমবে এবং বিমানগুলি দ্রুত রানওয়েতে পৌঁছতে পারবে।
বিমানবন্দর কর্তৃপক্ষের এক কর্তা বলেন, “এখন কলকাতায় বিমানের সংখ্যা বেড়ে গিয়েছে। ফলে দু’টি বিমান উড়ে যাওয়ার মাঝের সময় কমিয়ে ফেলতে হচ্ছে। এমনকি যে বিমানগুলি কলকাতায় নামছে, সেগুলিকে দাঁড় করানোর জন্যও পার্কিং-বে তাড়াতাড়ি খালি করার প্রয়োজন হচ্ছে।”
ট্যাক্সিওয়ে এফ-সহ এই নতুন ট্যাক্সিওয়ের মাধ্যমে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ফ্লাইট চলাচল বিদ্যমান ৩৫টি থেকে বৃদ্ধি পেয়ে ৪৫টিতে উন্নীত করা সম্ভব হবে। এছাড়াও, তিনটি দ্রুত প্রস্থান ট্যাক্সিওয়ে (Rapid Exit Taxiway – RET) অবতরণের পর রানওয়ে খালি করার সময় প্রায় ১৫ সেকেন্ড কমিয়ে দেবে, যার ফলে প্রতি ঘণ্টায় আরও ৭ থেকে ১০টি ফ্লাইট অবতরণ বা উড়ে যাওয়ার সুবিধা পাবে। সব মিলিয়ে চারটি নতুন ট্যাক্সিওয়ের মাধ্যমে কলকাতা বিমানবন্দরের ধারণক্ষমতা প্রতি ঘণ্টায় ৩০টি বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
এই আপগ্রেড এবং নতুন ট্যাক্সিওয়েগুলি চালু হওয়ায় কলকাতা বিমানবন্দরের সামগ্রিক কর্মক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে, যা যাত্রীদের জন্য অপেক্ষার সময় কমাতেও সহায়ক হবে।