২৫ বছরের কেরিয়ারে প্রথমবার পর্দায় একসঙ্গে হৃতিক ও রাকেশ !

২৫ বছর আগে বাবার হাত ধরে বলিউডে যাত্রা শুরু করেছিলেন হৃতিক রোশন। পরিচালক রাকেশ রোশনের ‘কহো না… প্যায়ার হ্যায়’ ছবির হাত ধরেই রাতারাতি তারকা বনে যান অভিনেতা। বাবা-ছেলে জুটি বেঁধে বলিউডে একের পর এক হিট ছবি উপহার দিলেও, দীর্ঘ ২৫ বছরের অভিনয় এবং পরিচালনার কেরিয়ারে কখনও তাঁদের একসঙ্গে ক্যামেরার সামনে দেখা যায়নি। তবে সেই অপেক্ষার অবসান ঘটল। সম্প্রতি, প্রথমবারের মতো একসঙ্গে পর্দার সামনে শুট করলেন হৃতিক ও রাকেশ রোশন।
জানা গিয়েছে, কোনো সিনেমার জন্য নয়, একটি বিজ্ঞাপনের শুটে প্রথমবারের মতো ক্যামেরার সামনে জুটি বাঁধেন বাবা ও ছেলে। এই বিশেষ মুহূর্তটিকে ‘প্রাইসলেস’ বলে উল্লেখ করেছেন পরিচালক রাকেশ রোশন। তিনি জানিয়েছেন, এই স্মৃতি তিনি আজীবন মনের মণিকোঠায় রেখে দেবেন। গত শুক্রবার সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনের একটি ভিডিও শেয়ার করে ‘কোই মিল গয়া’ পরিচালক লেখেন, “একটি মুহূর্ত যা আজীবন আমি চেরিশ করব। প্রথমবার আমার ছেলের সঙ্গে স্ক্রিনশেয়ার। অন ক্যামেরা, অফ ক্যামেরা অনেক মনে রাখার মুহূর্ত তৈরি হল।”
শেয়ার করা ভিডিয়োতে দেখা যায়, রাকেশ রোশন তাঁর ব্লকবাস্টার ছবি ‘কহো না… প্যায়ার হ্যায়’-এর জনপ্রিয় গানের সুর সিটি মেরে শোনাচ্ছেন। এরপর তিনি হৃতিকের কাছে যান এবং জিজ্ঞাসা করেন তাঁর ‘ওয়ার জার্নি’ কেমন ছিল। হৃতিক এক কথায় উত্তর দেন ‘আনফরগেটেবল’ (অবিস্মরণীয়)।
ভারতীয় সিনেমায় রাকেশ রোশন ও হৃতিক রোশনের জুটি বরাবরই সফল। বিশেষ করে ‘ক্রিশ’ ফিল্ম সিরিজ বক্সঅফিসে আলাদা মাইলস্টোন তৈরি করেছে। তাঁদের যৌথ প্রযোজনায় সুপারহিরো সিনেমা ‘কোই মিল গয়া’, ‘ক্রিশ’, ‘ক্রিশ ৩’ বক্সঅফিসে দারুণ সাফল্য লাভ করেছে।
এই সাফল্যের ধারাবাহিকতায় এবার শুটিং ফ্লোরে যেতে চলেছে বহু প্রতিক্ষীত ‘ক্রিশ ৪’। তবে এবার একটি নতুন ভূমিকায় দেখা যাবে হৃতিক রোশনকে। এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো পরিচালকের আসনে বসতে চলেছেন অভিনেতা। গত ৮ মার্চ রাকেশ রোশন নিজেই সোশ্যাল মিডিয়ায় হৃতিকের পরিচালক হওয়ার কথা ঘোষণা করেন। তিনি লেখেন, “ডুগ্গু ২৫ বছর আগে আমি তোমাকে অভিনেতা হিসাবে লঞ্চ করেছিলাম। ২৫ বছর পর তোমাকে আমি পরিচালক হিসাবে লঞ্চ করছি।”
প্রসঙ্গক্রমে, জানা গিয়েছে ‘ক্রিশ ৪’ হতে চলেছে বলিউডের সর্বকালের সবথেকে বেশি বাজেটের ছবিগুলির মধ্যে অন্যতম। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন আদিত্য চোপড়া। এখন কবে থেকে এই বহু প্রতিক্ষীত ছবির শুটিং শুরু হয়, সেই দিকেই অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন অনুরাগীরা।