উদ্বোধনের পরেই বিতর্কে জড়াল দিঘার জগন্নাথ মন্দির! পুরীর মন্দিরের পবিত্র নিমকাঠ ‘পাচার’? এবার তদন্তে নেমেছে ওড়িশা

গত ৩০ এপ্রিল, অক্ষয় তৃতীয়ার শুভ তিথিতে পশ্চিমবঙ্গের দিঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের জমকালো উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে উদ্বোধনের কয়েক দিনের মধ্যেই মন্দিরের বিগ্রহ নির্মাণ নিয়ে এক বড় বিতর্ক দানা বেঁধেছে। অভিযোগ উঠেছে যে দিঘার জগন্নাথ মন্দিরের বিগ্রহগুলি নাকি পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের ২০১৫ সালের নবকলেবর অনুষ্ঠানে ব্যবহৃত এবং বেঁচে যাওয়া পবিত্র নিমকাঠ বা ‘দারু’ দিয়ে তৈরি হয়েছে। এই দাবির সত্যতা যাচাই করতে এবার তদন্তের নির্দেশ দিয়েছে ওড়িশার শ্রী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ।

ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন শুক্রবার জানিয়েছেন, পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের প্রশাসনিক প্রধান অরবিন্দ পাধি এই ‘নিমকাঠ বিতর্কে’র বিষয়টি খতিয়ে দেখবেন। মন্ত্রী বলেন, এহেন দাবির নেপথ্যের সত্যতা কী, সেটা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দেখা হবে। সেই সঙ্গেই, তদন্তে যাদের দোষী পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে কঠোর এবং যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, নবকলেবর হলো পুরীর শ্রী জগন্নাথ, শ্রী বলভদ্র ও দেবী সুভদ্রার বিগ্রহের পুনর্নির্মাণ প্রক্রিয়া, যা ১২ থেকে ১৯ বছর অন্তর পবিত্র নিমকাঠ ব্যবহার করে সম্পন্ন করা হয়। ২০১৫ সালে পুরীতে এই নবকলেবর অনুষ্ঠিত হয়েছিল। শোনা গিয়েছিল, সেই অনুষ্ঠানের পর যে দারু বেঁচে গিয়েছিল, তাই দিয়ে নাকি দিঘার বিগ্রহ তৈরি হয়েছে।

বিতর্কের সূত্রপাত মূলত কিছু রিপোর্ট থেকে। ওই রিপোর্টগুলিতে দাবি করা হয়েছিল যে পুরীর অভিজ্ঞ দয়িতাপতি রামকৃষ্ণ দাসমহাপাত্র নাকি নিজেই বলেছেন যে ২০১৫ সালের নবকলেবর অনুষ্ঠানে বেঁচে যাওয়া পবিত্র নিমকাঠ দিয়ে দিঘার জগন্নাথ মন্দিরের বিগ্রহ তৈরি হয়েছে।

তবে যিনি এই দাবি করেছেন বলে অভিযোগ, সেই পুরীর দয়িতাপতি রামকৃষ্ণ দাসমহাপাত্র নিজেই তা জোরালোভাবে অস্বীকার করেছেন। শুক্রবার পুরীতে একটি সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট জানান যে তাঁর বক্তব্যের যে ভিডিও ক্লিপিং ছড়িয়েছে, সেটি হয় ইচ্ছাকৃতভাবে এডিট করা হয়েছে নতুবা সেটি মরফড (বিকৃত করা)। রামকৃষ্ণ দাসমহাপাত্রের দাবি, দিঘার মন্দিরের বিগ্রহ সাধারণ নিমকাঠ দিয়েই তৈরি হয়েছে। তিনি শুধুমাত্র দিঘার মন্দিরে আচার অনুষ্ঠান করার জন্য আমন্ত্রিত হয়েছিলেন।

এই আবহে পুরীর শ্রী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ যে তদন্ত শুরু করেছে, সেখানে প্রকৃত সত্য কী উঠে আসে এবং এই বিতর্কের জল কতদূর গড়ায়, সেটাই এখন দেখার বিষয়।