রাজ্যে জাল ওষুধের কারবার! খড়দহে মিলল প্রায় ৫ লক্ষ টাকার জাল ‘Urimax D’

জাল ওষুধের বিরুদ্ধে রাজ্য ড্রাগ কন্ট্রোলের লাগাতার অভিযানে এবার সাফল্য মিলল উত্তর ২৪ পরগনার খড়দহে। হাওড়ার আমতা থেকে উদ্ধার হওয়া জাল ওষুধের তদন্ত করতে গিয়েই সূত্র ধরে খড়দহ থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা মূল্যের জাল ‘Urimax D’ ওষুধ উদ্ধার করা হয়েছে বলে খবর। এই ঘটনা রাজ্যে জাল ওষুধের কারবারের ভয়াবহতা আবারও স্পষ্ট করে দিল।

সূত্রের খবর অনুযায়ী, রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা সম্প্রতি হাওড়ার আমতায় জাল ওষুধের একটি বড় চক্রের সন্ধান পান। সেই ঘটনার তদন্ত চলাকালীনই উঠে আসে উত্তর ২৪ পরগনার খড়দহের একটি সংস্থার নাম। জানা যায়, বাইরের রাজ্য থেকে এই জাল ওষুধ এনে এ রাজ্যের সংস্থা মারফত তা কলকাতার বাজারে এবং অন্যত্র বিক্রি করা হচ্ছিল।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ড্রাগ কন্ট্রোলের একটি দল খড়দহে ওই নির্দিষ্ট সংস্থার অফিসে হানা দেয়। সেখানে তল্লাশি চালিয়ে একটি নির্দিষ্ট ব্যাচ নম্বরের বিপুল পরিমাণ ‘Urimax D’ ওষুধ বাজেয়াপ্ত করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা। ওই সংস্থার গোডাউনও ড্রাগ কন্ট্রোলের তরফে সিল করে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

গত কয়েক দিন ধরেই রাজ্যজুড়ে জাল ওষুধের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। অভিযোগ উঠেছিল যে কিছু অসাধু ব্যবসায়ী মোটা টাকা ডিসকাউন্ট দিয়ে সাধারণ মানুষকে নিম্নমানের বা জাল ওষুধ বিক্রি করছে। এই বিষয়টি নিয়ে সম্প্রতি নবান্নে একটি উচ্চ পর্যায়ের বৈঠকও হয়। সেই বৈঠক থেকে মুখ্যসচিব রাজ্যজুড়ে জাল ওষুধ কারবারিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার স্পষ্ট নির্দেশ দেন।

রাজ্য ড্রাগ কন্ট্রোলের এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এর আগে গত ১১ এপ্রিল উল্টোডাঙার মুচিবাজার এলাকার দুটি হোলসেলার সংস্থার গোডাউনেও তল্লাশি চালিয়ে জাল ওষুধ বিক্রির প্রমাণ মেলায় সেগুলি সিল করে দেওয়া হয়েছিল। আমতা, উল্টোডাঙা এবং এবার খড়দহ থেকে জাল ওষুধ উদ্ধার হওয়ায় রাজ্যের বিভিন্ন প্রান্তে এই অবৈধ কারবারের ব্যাপকতা নিয়ে উদ্বেগ বাড়ছে। ড্রাগ কন্ট্রোল জানিয়েছে, এই চক্রের সঙ্গে যুক্তদের ধরতে এবং জাল ওষুধের উৎস খুঁজে বের করতে তদন্ত জারি রয়েছে।