মর্মান্তিক! মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু ৭ জনের, দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

এক ধর্মীয় উৎসব পরিণত হলো মৃত্যুপুরীতে। পুন্য অর্জনের যাত্রায় পদপিষ্ট হয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন অন্তত ৭ জন পুণ্যার্থী, আহত হলেন ৫০ জনেরও বেশি। ঘটনাটি ঘটেছে শনিবার ভোর রাতে গোয়ার শিরগাও এলাকায় আয়োজিত শ্রী দেবী লাইরাই বার্ষিক যাত্রার সময়।

ঘটনার আকস্মিকতায় হতচকিত হাজার হাজার পুণ্যার্থী। গোয়ার শিরগাওয়ের শ্রী দেবী লাইরাই মন্দিরে প্রতি বছর এই যাত্রা অনুষ্ঠিত হয়, যা স্থানীয় বাসিন্দাদের একটি বড় বার্ষিক উৎসব। রাজ্যের বাইরে থেকেও বহু ভক্ত এই উৎসবে যোগ দিতে আসেন। স্থানীয় বিশ্বাস অনুযায়ী, দেবী লাইরাই পার্বতীর একটি রূপ। এই যাত্রার মূল আকর্ষণ হল ঐতিহ্যবাহী ‘ধোঁদাচি যাত্রা’, যেখানে ভক্তরা খালি পায়ে জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে দেবীকে তুষ্ট করেন।

এই বছর শুক্রবার থেকে শুরু হওয়া যাত্রায় বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়েছিল। সেখানে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত, এলাকার সাংসদ এবং একাধিক বিধায়কও উপস্থিত ছিলেন। ভিড় সামাল দেওয়ার জন্য প্রায় ১ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছিল এবং ভিড় নিয়ন্ত্রণে ড্রোনও ব্যবহার করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। কিন্তু এত কিছুর মধ্যেও কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও নিশ্চিত করে জানা যায়নি। তবে একটি সূত্রের খবর, যাত্রাপথের একটি জায়গা ছিল বেশ ঢালু। সেই ঢালু অংশে ভিড়ের চাপে পুণ্যার্থীরা নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরের উপর পড়ে গেলে এই মর্মান্তিক পরিস্থিতি সৃষ্টি হয়।

দুর্ঘটনায় গুরুতর আহত ৫০ জনেরও বেশি পুণ্যার্থীকে দ্রুত গোয়া মেডিকেল কলেজ (জিএমসি) এবং মাপুসার উত্তর গোয়া জেলা হাসপাতাল সহ পার্শ্ববর্তী বিচোলিম এলাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

খবর পেয়েই মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত নিজে হাসপাতালগুলিতে ছুটে যান আহতদের দেখতে। তিনি দুঃখ প্রকাশ করে জানিয়েছেন যে, এই দুর্ঘটনায় একজন বৃদ্ধা এবং ১৭ বছরের এক কিশোর সহ মোট ৭ জন মারা গিয়েছেন। মুখ্যমন্ত্রী এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন যে তদন্তের পর দুর্ঘটনার কারণ চিহ্নিত করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে।

এই মর্মান্তিক ঘটনা দেশের ধর্মীয় সমাবেশগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারও প্রশ্ন তুলে দিল। উৎসবের আনন্দ মুহূর্তে বিষাদে পরিণত হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।