“পাকিস্তানি তরুণীকে চুপি চুপি বিয়ে!”-ভারতীয় জওয়ানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে CRPF

কাউকে কিছু না জানিয়ে পাকিস্তানি এক তরুণীকে বিয়ে করে বড় বিপাকে পড়েছেন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) এক জওয়ান। নিয়ম শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে সিআরপিএফ কর্তৃপক্ষ। জানা গেছে, এই বছরের শুরুর দিকে কাশ্মীরের বাসিন্দা সিআরপিএফ জওয়ান মুনির খান পাকিস্তানি তরুণী মিনাল খানকে বিয়ে করেন। সম্প্রতি পহেলগামে জঙ্গি হামলার পর ভারত সরকার ভারতে থাকা পাকিস্তানিদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত ঘোষণা করার পরই মুনিরের বিয়ের এই খবর সামনে এসেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
দেশের সুরক্ষার স্বার্থে এবং নির্দিষ্ট নিয়মের কারণে সুরক্ষাবাহিনীর জওয়ানদের বিদেশি নাগরিকদের বিয়ে করার আগে অবশ্যই নিজের দপ্তর বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে আগাম জানাতে হয় এবং অনুমতি নিতে হয়। রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানি তরুণীকে বিয়ের জন্য অনুমতি চেয়ে সিআরপিএফের সদর দফতরে আবেদন করেছিলেন মুনির। কিন্তু অভিযোগ উঠেছে, সিআরপিএফের শীর্ষ কর্তারা অনুমতি দেওয়ার আগেই গত মার্চ মাসেই মিনালকে বিয়ে করে ফেলেন তিনি।
শুধু তাই নয়, বিয়ের পর মিনালকে ভারতেও নিয়ে আসেন মুনির। জানা গিয়েছে, মিনাল প্রথমে ভিজিটর ভিসায় ভারতে এসেছিলেন। বিয়ের পর তিনি ভারতে থাকার জন্য লং টার্ম ভিসার (LTV) জন্য আবেদন করেছিলেন। কিন্তু সেই আবেদন মঞ্জুর হয়নি। মিনালের আইনজীবী অঙ্কুর শর্মা জানান, LTV ভিসার জন্য ইন্টারভিউ-ও দিয়েছিলেন মিনাল এবং স্বরাষ্ট্রমন্ত্রক থেকে ইতিবাচক সুপারিশও মিলেছিল। কিন্তু পহেলগাম হামলার পর পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যায় এবং ভারতে থাকা পাকিস্তানের নাগরিকদের দ্রুত দেশে ফেরত পাঠাতে কেন্দ্রীয় সরকার নোটিস জারি করে।
সরকারের এই সিদ্ধান্তের পর ভারতে থাকা অন্যান্য পাকিস্তানের নাগরিকদের সঙ্গে মিনালকেও ওয়াঘা সীমান্তে পাকিস্তানের উদ্দেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু একেবারে শেষ মুহূর্তে আদালতের হস্তক্ষেপে স্বস্তি পান মিনাল। মিনালের আইনজীবী অঙ্কুর শর্মা জম্মু-কাশ্মীর হাইকোর্টে মামলা করেন এবং আদালত শেষ মুহূর্তে মিনালের দেশে ফেরা স্থগিত রাখার নির্দেশ দেয়। অঙ্কুর বলেন, “মিনাল বাসে উঠে পড়েছিলেন। একেবারে শেষ মুহূর্তে গিয়ে আমরা তাকে থামাই।”
যদিও আদালতের নির্দেশে মিনাল আপাতত ভারতে থাকতে পারছেন, তবে নিয়ম ভেঙে আগাম অনুমতি না নিয়ে বিয়ে করার জন্য সিআরপিএফ জওয়ান মুনির খানের বিরুদ্ধে কড়া বিভাগীয় পদক্ষেপ নিতে চলেছে সিআরপিএফ কর্তৃপক্ষ। সুরক্ষার সঙ্গে জড়িত একটি বাহিনীর জওয়ানের ব্যক্তিগত জীবন ও সিদ্ধান্তের সঙ্গে দেশের সুরক্ষার নিয়ম জড়িত থাকায় গোটা বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর বলে মনে করা হচ্ছে। মুনিরের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তা এখনো স্পষ্ট নয়।