মাধ্যমিকের ফলপ্রকাশ ! ভবিষ্যতে কোন পথে এগোতে চান টপাররা? কাশ্মীর হামলা দুর্নীতি নিয়েও মুখ খুলল কেউ কেউ

প্রকাশিত হয়েছে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। পরীক্ষার মাত্র ৭০ দিনের ব্যবধানে ফল প্রকাশ করে এক নজির সৃষ্টি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। এই বছরও মাধ্যমিকের ফলাফলের তালিকায় জেলার ছাত্রছাত্রীদের জয়জয়কার দেখা গেছে, মোট ৬৬ জন কৃতী স্থান পেয়েছে মেধাতালিকায়। এই কৃতি ছাত্রছাত্রীরা ভবিষ্যতে কী হতে চায়, সেই নিয়েই তাদের স্বপ্ন এবং ভাবনা উঠে এসেছে। পাশাপাশি, কেউ কেউ সাম্প্রতিক কিছু ঘটনা নিয়েও নিজেদের মত প্রকাশ করেছে।

প্রথম স্থানাধিকারী অদ্রিত সরকারের ডাক্তার হওয়ার স্বপ্ন:
মাধ্যমিক পরীক্ষার এবছর প্রথম স্থান অধিকার করেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র অদ্রিত সরকার। তার প্রাপ্ত নম্বর ৬৯৬। রায়গঞ্জের এই কৃতী ছাত্র ভবিষ্যতে ডাক্তারি লাইন নিয়ে এগিয়ে যেতে চায়। অদ্রিত জানায়, “অভাবনীয় অনুভূতি। বাবা-মার একটা স্বপ্ন ছিল। সারা বছর যা পরিশ্রম করেছি, তার ফল পেয়েছি। ভাল ফল করব সেটা প্রত্যাশিত ছিল। কিন্তু, রাজ্যের মধ্যে প্রথম হব, সেটা খুবই অপ্রত্যাশিত। নাম ঘোষণার পর থেকে বাড়িতে ফোন এসেই যাচ্ছে।” ভবিষ্যতে অন্য কোনও বিষয়ে আগ্রহ জন্মালে সেটাও নিয়ও পড়তে চায় সে।

দ্বিতীয় অনুভব ও সৌম্য:
মাধ্যমিকে যুগ্মভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে অনুভব বিশ্বাস (রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির, বেলুড়) এবং সৌম্য পাল (বিষ্ণুপুর হাইস্কুল, বাঁকুড়া)। তাঁদের দু’জনেরই প্রাপ্ত নম্বর ৬৯৪। দ্বিতীয় অনুভব ভালোবাসেন গোয়েন্দা গল্পের বই পড়তে। অন্যদিকে যুগ্মভাবে দ্বিতীয় সৌম্য পাল পড়াশোনার অবসরে গানবাজনা নিয়েই থাকতে ভালোবাসেন। তবে দুজনই উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান (Science) শাখায় ভর্তি হতে চায়। অনুভবের ইচ্ছে চিকিৎসক হওয়ার আর সৌম্য ইঞ্জিনিয়ারিং বা গবেষণার দিকে এগিয়ে যেতে চায়।

তৃতীয় ঈশানীর ইচ্ছা গবেষক হওয়া:
মাধ্যমিকে তৃতীয় স্থান দখল করেছে বাঁকুড়ার কোতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী ঈশানী চক্রবর্তী। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৩। মা পেশায় স্কুল শিক্ষিকা। পড়াশোনার ফাঁকে গানবাজনা ও আঁকতে ভীষণ ভালোবাসে ঈশানী। তবে গতানুগতিক ডাক্তার-ইঞ্জিনিয়ার নয়, বড় হয়ে ভালো গবেষক হতে চায় বাঁকুড়ার এই কৃতী ছাত্রী।

চতুর্থ মহম্মদ সেলিম:
পূর্ব বর্ধমানের কেতুগ্রামের নিরল হাইস্কুলের ছাত্র মহম্মদ সেলিম রাজ্যের মধ্যে চতুর্থ স্থান অধিকার করেছে। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯২। ছোটোবেলায় মা মারা যাওয়ার পর বাবাও তাঁদের ছেড়ে চলে যান। মামাবাড়িতেই মামা-মাসিদের কাছে মানুষ হয়েছে সে। সেলিম জানিয়েছে, “র‌্যাঙ্ক করব কোনও দিনই ভাবিনি। শুধু পড়াশোনা চালিয়ে গিয়েছি। তারপর যখন টিভিতে শুনলাম আমি ভাবতেই পারছি না।” তাঁর এই সাফল্যে মামাবাড়িতে খুশির হাওয়া। আরও ভালো পড়াশোনা করে বড় হয়ে নিজের স্বপ্ন পূরণ করতে চায় সে। নিজের এই সাফল্য সে মামা ও স্কুলের শিক্ষকদের উৎসর্গ করেছেন।

পঞ্চম স্থানে চার জন:
অন্যদিকে, মাধ্যমিকের মেধাতালিকায় পঞ্চম স্থানে রয়েছেন চারজন কৃতী পরীক্ষার্থী – সিনচ্যান নন্দী (গৌরহাটি হরদাস ইনস্টিটিউশন), চৌধুরী মহম্মদ আসিফ (কামারপুকুর রামকৃষ্ণ মিশন), বিশ্বজিৎ ঘোষ, এবং সৌমিত্র করণ (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন)। প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর ৬৯১।

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কৃতীরা:
মেধা তালিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে এবার প্রথম দশের মধ্যে তিন জন স্থান পেয়েছে। পঞ্চম স্থানে আছেন চৌধুরী মোহাম্মদ আসিফ ও সোমতীর্থ করণ (৬৯১)। অষ্টম স্থানে রয়েছেন পুষ্পক রত্নম (৬৮৮)। বিহারের বাসিন্দা পুষ্পক আগামী দিনে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে আগ্রহী। তার ভালো রেজাল্টের পিছনে পরিবার এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শিক্ষকদের অনেক অবদান রয়েছে। নিজের এই সাফল্যে যতটা উচ্ছ্বসিত, তেমনই কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় ততটাই ভারাক্রান্ত তাঁর মন। ঘটনার তীব্র নিন্দা করে বদলা নেওয়ার দাবি জানিয়েছে এই কৃতী ছাত্র।

ষষ্ঠ স্থান অধিকারী অভ্রদীপ মন্ডল:
ষষ্ঠ স্থান অধিকারী অভ্রদীপ মন্ডল (৬৯০ নম্বর) সারাদিনে ১০/১২ ঘন্টা পড়াশুনা করত। প্রিয় খেলা চেস এবং গান করা। গান শেখেও সে। ভবিষ্যতে সায়েন্স নিয়ে পড়াশোনা করে ডাক্তার হতে চায়। অভ্রদীপের মতে, কাশ্মীরের ঘটনা মানবতা বিরোধী। দেশের ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে হবে। এর পাশাপাশি শিক্ষকদের নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে তার দ্রুত সমাধান হোক ও যোগ্যদের চাকরি যাতে না যায় সেই মতও জানায় অভ্রদীপ। তার বাবা রামকৃষ্ণ মন্ডল গ্রীনপার্ক শিক্ষাসদন হাইস্কুলের বাংলার শিক্ষক এবং মা গৃহবধূ।

নবম প্রজ্জল দাস:
অন্যদিকে, মাধ্যমিক পরীক্ষায় ৬৮৭ নম্বর পেয়ে রাজ্যে নবম স্থান অধিকার করেছে শান্তিপুর মিনিউসিপাল স্কুলের ছাত্র প্রজ্জল দাস। শান্তিপুর বাইগাছি সেন পাড়ার বাসিন্দা প্রজ্জলের বাবা শান্তিপুর কলেজের অশিক্ষক কর্মী এবং মা সরকারি নার্স। রাজ্যে নবম হয়ে স্কুলের মুখ উজ্জ্বল করায় স্বাভাবিকভাবেই খুশি প্রজ্জল, তার পরিবার এবং স্কুলের সকলে।

কলকাতার একমাত্র প্রতিনিধি:
উল্লেখ্য, এবারের মাধ্যমিকের মেধাতালিকায় শহর কলকাতার স্কুল থেকে একমাত্র অষ্টম স্থান অধিকার করেছে বাগবাজারের রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের ছাত্রী অবন্তিকা রায় (৬৮৮ নম্বর)। জেলার জয়জয়কারের মধ্যে কলকাতার এটিই একমাত্র উজ্জ্বল ব্যতিক্রম।

মেধাতালিকার এই ছাত্রছাত্রীদের গল্প শুধু তাদের একাডেমিক সাফল্যই নয়, বরং তাদের স্বপ্ন, প্রতিকূলতা অতিক্রম করার লড়াই এবং সমাজ ও দেশের প্রতি তাদের সচেতনতারও প্রতিফলন। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সমগ্র রাজ্য।