দাড়ি রাখা নিয়ে অশান্তি! স্বামী ‘শেভ’ করতে রাজি না হওয়ায় দেওরের সঙ্গে চম্পট স্ত্রী

স্বামী-স্ত্রীর সুখের সংসারে মাঝে ‘কাঁটা’ হয়ে দাঁড়াল দাড়ি। এই দাড়ি রাখা নিয়ে জেদের কারণে শুধু সম্পর্কেই ছেদ পড়ল না, বরং এক মুসলিম মৌলবি তাঁর দাঁড়ি না কামানোর সিদ্ধান্তে খোয়ালেন স্ত্রী এবং সংসার। উত্তরপ্রদেশের মিরাটে এই ঘটনাটি ঘটেছে এবং অভিযোগ উঠেছে যে, স্বামীর ভাইয়ের সঙ্গেই চম্পট দিয়েছেন মহিলা। এই অদ্ভুত ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গেছে।

জানা যাচ্ছে, মিরাটের উজ্জ্বল গার্ডেন কলোনির বাসিন্দা শাকিরের সঙ্গে সাত মাস আগে বিবাহ হয় আরশির। শাকি অভিযোগ করেছেন যে, বাড়ি থেকে সম্বন্ধ করে হওয়া এই বিয়েতে আরশি শুরু থেকেই খুশি ছিলেন না। তাদের স্বামী-স্ত্রীর মধ্যে হামেশাই অশান্তি লেগে থাকত। এই অশান্তির মূল কারণ ছিল শাকিরের দাড়ি। আরশি তাঁর স্বামীকে দাঁড়ি কাটার জন্যে জোর দিতেন। আরশি স্পষ্ট জানিয়ে দেন যে, পারিবারিক চাপে এই বিবাহ করেছেন তিনি, সুতরাং শাকি দাড়ি না কাটলে এই সংসার তিনি রাখবেন না।

শাকিরের অভিযোগ, দাম্পত্য অশান্তির এই সময়ের মাঝে তাঁর ছোট ভাইয়ের সঙ্গে আরশির একটি সম্পর্ক গড়ে ওঠে। আর সেই পরকীয়ার সম্পর্ককে পরিণতি দিতেই গত ৩ ফেব্রুয়ারি আচমকাই দেওর-বৌদি বাড়ি ছেড়ে পালিয়ে যান।

প্রথমে সামাজিক লজ্জা এবং পরিবারের মানসম্মানের কথা ভেবে শাকিরের পরিবার পুলিশের কাছে না গিয়ে নিজেরাই আরশি এবং ছোট ছেলেকে খুঁজে বার করার চেষ্টা করেন। আরশির পরিবারকেও খবর দেওয়া হয়, কিন্তু তারাও মেয়েকে খুঁজতে অস্বীকার করে। উলটে জানিয়ে দেন, মেয়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন তাঁরা।

শেষমেশ নিরুপায় হয়ে শাকির মিরাট থানার দারস্ত হন এবং স্ত্রী আর ছোট ভাইয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন। এদিকে আরও খবর সামনে এসেছে যে, পালানোর মাস দেড়েক পরে হঠাৎই আরশি শাকিরের কাছে ৫ লক্ষ টাকা দাবি করেছেন।

দাঁড়ি না কামানোর মতো একটি ব্যক্তিগত বিষয় কীভাবে একটি সংসার ভেঙে দিল এবং এমন অদ্ভুত পরিস্থিতি তৈরি করল, তা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং ঘটনাটি এখন পুলিশের তদন্তাধীন।