স্ত্রীর চোখের সামনে প্রাণ হারালেন স্বামী, বাজ পড়ে মৃত্যু! মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল এই জেলা

চোখের সামনেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। আচমকা বজ্রপাতে নিমেষেই সব শেষ হয়ে গেল এক বৃদ্ধের জীবন। বৃহস্পতিবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির ঘৃতগ্রাম পঞ্চায়েতের বুড়িমহুল এলাকায় স্ত্রীর চোখের সামনেই বাজ পড়ে মৃত্যু হল স্বামীর। এই ঘটনায় আহত হয়েছেন তাঁর স্ত্রীও। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন তাঁদের ছেলেও।

মর্মান্তিক এই ঘটনায় মৃত বৃদ্ধের নাম রথু মাহাত, তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি কেশিয়াড়ি থানা এলাকার ঘৃতগ্রাম পঞ্চায়েতের বুড়িমহুল এলাকার বাসিন্দা ছিলেন।

বৃহস্পতিবার বিকেলে রথু মাহাত তাঁর স্ত্রী ও ছেলে সহ পরিবারের অন্যান্যদের সাথে গ্রামের মাঠে ধানের কাজ করতে গিয়েছিলেন। গ্রামের আরও কয়েকজনের পাশাপাশি তারা কাটা ধানের গোছা বাঁধার কাজ করছিলেন। কাজ চলাকালীন বিকেলে হঠাৎই আকাশ কালো মেঘে ছেয়ে যায় এবং বৃষ্টির সঙ্গে বাজ পড়তে শুরু করে। তখন তারা মাঠে কাজ করছিলেন।

হঠাৎই একটি বিকট শব্দে বাজ পড়লে মাঠেই লুটিয়ে পড়েন বৃদ্ধ রথু মাহাত। সামনেই কাজ করছিলেন তাঁর স্ত্রী। স্বামীকে লুটিয়ে পড়তে দেখে তিনি চিৎকার করে ওঠেন এবং আশেপাশের লোকজনকে ডাকেন। পাশেই অন্য একটি অংশে কাজ করছিল তাদের ছেলেও। বাবার এই অবস্থা দেখে সে দ্রুত ছুটে আসে এবং অচৈতন্য অবস্থায় বাবাকে উদ্ধার করে।

দ্রুত রথু মাহাতকে খাজরা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচেছে রথু মাহাতের ছেলে এবং বজ্রপাতের প্রভাবে আহত হয়েছেন তাঁর স্ত্রীও।

মৃতের স্ত্রী জানান, “মাঠে কয়েকজন ধানের গোছা বাঁধার কাজ করছিলাম। হঠাৎই স্বামীকে লুটিয়ে পড়তে দেখি। আমিও আহত হই। হাসপাতালে আনলে চিকিৎসক মৃত বলে জানান। চোখের সামনেই স্বামীকে হারালাম, ভাবতে পারিনি এমনটা হবে।” ছেলে জানায়, “মাঠে কাজ করার সময় বাজ পড়ে। বাবাকে লুটিয়ে পড়তে দেখি। এমন ঘটনা ঘটে যাবে ভাবতে পারিনি।”

এই মর্মান্তিক ঘটনায় বুড়িমহুল গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মাঠে কাজ করার সময় বজ্রপাত যে কতটা প্রাণঘাতী হতে পারে, এই ঘটনা আবারও তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।