মাধ্যমিকে রাজ্যে পঞ্চম হুগলির ‘দীপ্তজিৎ ঘোষ’, চিকিৎসক হওয়ার ইচ্ছা কৃতী ছাত্রের !

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকায় উজ্জ্বল স্থান অধিকার করেছে হুগলির খন্যানের ইটাচুনা মাখালডি গ্রামের বাসিন্দা দীপ্তজিৎ ঘোষ। সে এবার রাজ্যের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে। ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করার স্বপ্ন তার চোখে।

দীপ্তজিতের পরিবার একটি সাধারণ মধ্যবিত্ত পরিবার। তার বাবা তরুণ কুমার ঘোষ প্রাইভেট টিউশন পড়ানোর পাশাপাশি চাষের কাজও করেন। মা দীপালি ঘোষও গৃহশিক্ষকতা করেন। দীপ্তজিতের দাদা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে।

স্কুলে বরাবরই অত্যন্ত মেধাবী ছাত্র দীপ্তজিৎ প্রথম স্থান অধিকার করত। তার পরিবারের সদস্যরা আশা করেছিলেন, মাধ্যমিকে সে ভালো ফল করবে। তবে মেধাতালিকায় তার নাম উঠবে, এটা হয়তো সে নিজেও ভাবতে পারেনি।

নিজের সাফল্যে অত্যন্ত খুশি দীপ্তজিৎ জানিয়েছে, “আমার ইচ্ছা ছিল এক থেকে দশের মধ্যে রেজাল্ট করব। বড় হয়ে চিকিৎসক হতে চাই। মানুষের সেবা করব এই মানসিকতাই আছে।” পড়াশোনার অভ্যাস নিয়ে সে বলে, “পড়াশোনা ভালোবাসা থেকে পড়ি। কোনও নির্দিষ্ট সময় ছিল না। কবিতা, গান ভালো লাগে। দাদা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে, আমি ভালো কিছু করতে চাই।”

ছেলের সাফল্যে গর্বিত মা দীপালি ঘোষ বলেন, “ছেলে ভালো ফল করেছে খুব ভালো লাগছে। দীপ্ত বরাবরই পড়াশোনার ব্যাপারে সিরিয়াস। কখনও পড়তে বসার কথা বলতে হয়নি। নিজে থেকেই পড়ত ও।”

উল্লেখ্য, পরীক্ষার মাত্র ৭০ দিনের মাথায় এই বছরের মাধ্যমিকের ফল প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। গত ১০ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হয়েছিল এবং এবার মোট ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন পরীক্ষার্থী মাধ্যমিক দিয়েছে। এ বছর মেধা তালিকায় প্রথম দশে রয়েছেন ৬৬ জন কৃতী। পর্ষদের প্রকাশিত ফলাফল অনুযায়ী, গতবারের তুলনায় পাশের হার সামান্য বেড়ে ৮৬.৫৬ শতাংশ হয়েছে। এই বছর ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি এবং মেধা তালিকায় মেয়েদের চেয়ে ছেলেদের সংখ্যা কিছুটা কম। পাশের হারে জেলাগুলির মধ্যে প্রথম পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় স্থানে কালিম্পং, তৃতীয় স্থানে রয়েছে কলকাতা ও চতুর্থ পশ্চিম মেদিনীপুর।

মেধাতালিকায় স্থান পেয়ে খুশি দীপ্তজিৎ এখন ভবিষ্যতের দিকে তাকিয়ে এবং চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে বদ্ধপরিকর। তার এই সাফল্যে খুশি পরিবার ও প্রতিবেশীরাও।