“আরও সফল হও” মাধ্যমিক উত্তীর্ণদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু !

আজ, শুক্রবার প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। দীর্ঘ প্রতীক্ষার পর ফল প্রকাশিত হতেই উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের শীর্ষ এই দুই রাজনৈতিক ব্যক্তিত্ব প্রত্যেকের ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন।
এবছর গত ১০ ফেব্রুয়ারি শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা এবং তা শেষ হয় গত ২২ ফেব্রুয়ারি। রাজ্যের মোট ২ হাজার ৬৮৩টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিয়েছিল প্রায় ৯ লক্ষ ৮৪ হাজার ৮৯৪ জন ছাত্রছাত্রী, যা গত বছরের তুলনায় ৬২ হাজারেরও বেশি। শুক্রবার সকাল ৯টা নাগাদ সাংবাদিক বৈঠকের মাধ্যমে মাধ্যমিকের ফল প্রকাশ করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। মেধা তালিকা প্রকাশ করে তিনি জানান, এবার প্রথম দশে রয়েছেন মোট ৬৬ জন কৃতী পরীক্ষার্থী।
এ বছর মাধ্যমিকে প্রথম হয়েছেন একজনই – রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র অদৃত সরকার, সে ৭০০-তে ৬৯৬ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থানে যুগ্মভাবে রয়েছেন ২ জন – ৬৯৪ নম্বর পেয়ে মালদহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র অনুভব বিশ্বাস এবং বাঁকুড়ার বিষ্ণুপুর হাইস্কুলের ছাত্র সৌম্য পাল। মেধা তালিকায় তৃতীয় স্থানে তথা মেয়েদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন বাঁকুড়ার কোতুলপুর হাইস্কুলের ছাত্রী ঈশানী চক্রবর্তী। ঈশানী ৭০০ তে ৬৯৩ নম্বর পেয়েছেন।
মাধ্যমিকে উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, “এবারের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন! আগামীদিনে তোমরা আরো সফল হবে – এই প্রত্যাশা আমি রাখি। তোমাদের জীবনের এই স্মরণীয় দিনে, আমি তোমাদের বাবা-মা, অভিভাবক-অভিভাবিকা এবং শিক্ষক-শিক্ষিকাদেরও আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। তাঁদের সমর্থন ও পথনির্দেশই তোমাদের এই সাফল্যকে সম্ভব করে তুলেছে। যারা আজ ভালো ফল করতে পারোনি তাদের বলব হতাশ হয়ো না। চেষ্টা করো। আগামিদিনে সাফল্য আসবেই। তোমাদের সকলকে আরও একবার আমার প্রাণভরা আশীর্বাদ ও শুভকামনা জানাই। ভালো থেকো সকলে।”
একইভাবে এক্স পোস্টে কৃতীদের শুভেচ্ছা জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, “মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তোমাদের সকলের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, জীবনের সব পরীক্ষায় তোমরা সফল ভাবে উত্তীর্ণ হও এই কামনা করি। আগামী দিনের জন্য আন্তরিক শুভ কামনা রইল।”
রাজনৈতিক মতপার্থক্য ভুলে রাজ্যের শীর্ষ দুই নেতৃত্বের পক্ষ থেকে কৃতীদের শুভেচ্ছা জানানোর এই বিষয়টি প্রশংসা কুড়িয়েছে। সফল ছাত্রছাত্রীদের পাশাপাশি, তাদের পরিবার ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যেও খুশির আমেজ।