‘খাকি’-র সাফল্যই খুলে দিল বলিউডের দরজা? এবার হিন্দি ছবিতে দেখা দেবেন বাংলার সুপারস্টার ‘জিৎ’

জিৎ ভক্তদের জন্য এবার দারুণ সুখবর! টলিউডের সুপারস্টার অভিনেতা জিৎ নাকি এবার বলিউডে পাড়ি জমাতে চলেছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া তাঁর অভিনীত ওয়েব সিরিজ ‘খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর সফলতার পরই নাকি অভিনেতার ভাগ্যের চাকা ঘুরে গেছে, খুলে গেছে বলিউডের দরজা।
এদিকে টলিপাড়ার বহু অভিনেতা-অভিনেত্রীই বর্তমানে মুম্বইয়ের হিন্দি ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে কাজ করছেন। সেই তালিকায় যিশু সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়ের মতো বহু পরিচিত নামই রয়েছে। এবার সেই তালিকায় নতুন করে যুক্ত হতে চলেছে সুপারস্টার জিতের নাম।
একসময় জিৎ নিজেও এক সাক্ষাৎকারে বলেছিলেন, “এত বছর আমার কথা মুম্বইতে কেউ ভাবেননি।” তবে, নীরজ পাণ্ডের তৈরি ‘খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার’ রিলিজের পর পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। এই সিরিজটি দর্শক ও সমালোচকদের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে। বিশেষ করে জিতের অভিনয় এবং তাঁর ‘বডি ল্যাঙ্গুয়েজ’ নিয়ে বলিউডের অন্দরমহলেও নাকি জোর চর্চা চলছে।
সূত্রের খবর অনুযায়ী, ‘খাকি’-র এই সাফল্যের পর জিতের কাছে একটি বলিউড ছবিতে দ্বিতীয় মুখ্য চরিত্রে অভিনয়ের প্রস্তাব এসেছে। যদিও এই মুহূর্তে সেই ছবির বিস্তারিত তথ্য বা জিতের চরিত্র নিয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।
প্রসঙ্গত, এর আগে জিৎ তাঁর ব্লকবাস্টার ছবি ‘চেঙ্গিজ’ জাতীয় স্তরে হিন্দি ভাষাতেও মুক্তি দিয়েছিলেন এবং মুম্বইতে এর জোরদার প্রচারও করেছিলেন। তবে ছবিটি সেভাবে বাণিজ্যিক সাফল্য পায়নি। কিন্তু মনে করা হচ্ছে, ‘খাকি’ সিরিজই জিতের জন্য বলিউডের মূল দরজা খুলে দিয়েছে।
কদিন আগে দেওয়া এক সাক্ষাৎকারে জিৎ বলেছিলেন যে, হিন্দি ইন্ডাস্ট্রির কেউ তাঁকে নিয়ে ভাবেননি এতকাল, যদিও তিনি বরাবরই এখানে কাজ করতে চাইতেন কারণ তিনি আদতে হিন্দিভাষী। তিনি মনে করেন, দীর্ঘ ১০-১৫ বছর ধরে বাণিজ্যিক সিনেমার মাধ্যমে দর্শকদের বিনোদন দিচ্ছেন এমন আঞ্চলিক অভিনেতাদের মধ্যে খুব কমই আছেন যারা ভালো করে হিন্দি বলতে পারেন, এবং এটাই তাঁর একটি বড় শক্তি বা ইউএসপি। তাঁর নিজের কথায়, হিন্দিতে ভাবার কারণে বাংলায় কাজ করাই তাঁর জন্য আসল চ্যালেঞ্জ ছিল।
‘খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার’ ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে। নীরজ পাণ্ডের তৈরি এই সিরিজে জিৎ প্রসেনজিৎ সহ আরও একাধিক স্টার ছিলেন। কলকাতায় সিরিজের লাইন প্রোডিউসর হিসেবেও কাজ করেছেন জিৎ। সব মিলিয়ে সিরিজটি বেশ সফল। আর এই সাফল্যই জিতের কেরিয়ারে নতুন মোড় এনে দিয়েছে। সকলের ধারণা, এবার শীঘ্রই তাঁকে দেখা যাবে বলিউডের পর্দায়। এখন এটাই দেখার যে টলিউডের এই সুপারস্টার বলিউডের নতুন ইনিংসে কোন ধরনের চরিত্রে নিজেকে প্রমাণ করেন। তাঁর ভক্তরা অধীর আগ্রহে তাঁর বলিউড ডেব্যুর অপেক্ষায় রয়েছেন।