“কুমির ভর্তি লেকে ঝাঁপ, ব্রেক ফেল করা বাইক চেজ”-মুক্তি পাচ্ছে নওয়াজের নতুন সিনেমা

বলিউডের শক্তিশালী অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী পর্দায় তার ব্যতিক্রমী অভিনয় দিয়ে আসমুদ্রহিমাচল ভারতের দর্শকদের মুগ্ধ করেছেন। তবে এবার শুধু ক্যামেরার সামনে নয়, ক্যামেরার উল্টো দিকেও তিনি যে একজন পুরোদস্তুর ‘পারফর্মার’, তার প্রমাণ দিলেন। পরিচালক সেজাল শাহ পরিচালিত থ্রিলার ফিল্ম ‘কোস্তাও’-এর জন্য তিনি এমন এক ঝুঁকি নিয়েছেন যা শুনে চমকে উঠছেন নেটিজেনরা।

জানা গেছে, এই সিনেমার শুটিংয়ের একটি দৃশ্যকে পর্দায় আরও বেশি বিশ্বাসযোগ্য করে তোলার জন্য নওয়াজউদ্দিন সোজা ঝাঁপ দিয়েছিলেন থিকথিকে কুমির ভর্তি একটি লেকে! ভয়াবহ বিপদের আশঙ্কা থাকা সত্ত্বেও এবং নিজে খুব ভালো সাঁতারু না হওয়া সত্ত্বেও নওয়াজ নিজেই সেই দৃশ্যটি করেছিলেন।

পরিচালক সেজল শাহ নওয়াজের এই ডেডিকেশন দেখে মুগ্ধ। তিনি বলেন, “আমরা অ্যাকশন দৃশ্যগুলোকে যতটা সম্ভব বাস্তব রাখতে চেয়েছিলাম। সে কারণেই কোনো ভিএফএক্স (VFX) বা বডি ডাবল ব্যবহার না করে নওয়াজ নিজেই সব স্টান্ট করেছেন। একটা দৃশ্যে একটা লেকে ডাইভ দিতে হয়, যেটা কুমিরে ভর্তি ছিল। সেটাও নওয়াজ নিজেই করেছেন! একটুও পিছপা হননি কাজটা করার আগে।”

শুধু কুমির ভর্তি লেকে ঝাঁপই নয়, ছবির আরও একটি ঝুঁকিপূর্ণ দৃশ্যে ছিল একটি হাই-স্পিড বাইক চেজ। শ্যুটিং চলাকালীন হঠাৎই বাইকের ব্রেক কাজ করা বন্ধ করে দেয়। কিন্তু নওয়াজ থেমে যাননি! তিনি চরিত্রের মধ্যে এতটাই গভীরভাবে ঢুকে পড়েছিলেন যে বাইকের গতি কমানোর কোনো চেষ্টাই করেননি। ফলে ক্যামেরাতেও সেই সত্যিকারের টেনশন এবং অ্যাকশন দৃশ্যটি জীবন্ত হয়ে ওঠে।

এই ছবিটি বাস্তব জীবনের এক কাস্টমস অফিসার কস্তাও ফার্নান্ডেজ-এর জীবনের ওপর ভিত্তি করে নির্মিত। গোয়ার অন্ধকার জগতের স্মাগলিং চক্রকে ঘিরে আবর্তিত হয়েছে ছবির গল্প। সিনেমায় নওয়াজকে দেখা যাবে সেই সৎ কাস্টমস অফিসার ‘কোস্তাও ফার্নান্ডেজ’-এর ভূমিকায়, যিনি একা হাতে গোয়ার সবচেয়ে প্রভাবশালী গোল্ড স্মাগলিং সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়ান।

তবে যখনই তিনি সত্য উন্মোচনের কাছাকাছি পৌঁছান, তখন সিস্টেমই তাকে একটি খুনের মামলায় ফাঁসিয়ে দেয়! এখান থেকেই শুরু হয় এক ভয়ঙ্কর প্রতিরোধের লড়াই— যেখানে তার প্রতিপক্ষ শুধু অপরাধজগত নয়, বরং গোটা প্রশাসন!

নির্মাতাদের মতে, নওয়াজউদ্দিনের ‘কোস্তাও’ শুধুমাত্র একটি থ্রিলার ফিল্ম নয়, এটি একটি বিবৃতি, একটি অবস্থান এবং একটি বিদ্রোহের গল্প।

নওয়াজউদ্দিন সিদ্দিকী ছাড়াও এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়া বাপট, কিশোর কুমার জি, গগন দেব রিয়ার এবং হুসেন দালাল। ছবিটি প্রযোজনা করছে ভানুশালি স্টুডিওস ও বম্বে ফেবলস মোশন পিকচার্স। আজ, ১লা মে এই প্রতীক্ষিত থ্রিলারটি মুক্তি পাচ্ছে জি ৫ (ZEE5) ওটিটি প্ল্যাটফর্মে। নওয়াজের ডেডিকেশন এবং ছবির আকর্ষণীয় প্লটের কারণে দর্শকমহলে ছবিটি নিয়ে ইতিমধ্যেই উন্মাদনা তৈরি হয়েছে।