মুখে ভাতের দিনই প্রকাশ্যে কাঞ্চন-কন্যা, কৃষভির মিষ্টি ছবি ভাইরাল নেট দুনিয়ায় !

এতদিন মল্লিক বাড়ির নিয়ম মেনেই একরত্তি কন্যা কৃষভিকে ক্যামেরার আড়ালে রেখেছিলেন অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক ও তাঁর স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। তবে এবার মুখে ভাতের অনুষ্ঠানের পর আর কোনো বিধিনিষেধ রইল না। বুধবার ইসকনের মন্দিরে মহাসমারোহে অনুষ্ঠিত হলো তাঁদের কন্যা কৃষভির অন্নপ্রাশন বা মুখে ভাতের অনুষ্ঠান। আর এই বিশেষ অনুষ্ঠানের সূত্রেই প্রথমবার প্রকাশ্যে এল ছোট্ট কৃষভির মিষ্টি ছবি, যা মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে।
পরিবার এবং অত্যন্ত ঘনিষ্ঠজনদের উপস্থিতিতেই সম্পন্ন হয়েছে এই অনুষ্ঠান। অতিথি অভ্যাগতদের সংখ্যা ছিল মেরেকেটে ১০০ জন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কৃষভির মিষ্টি ছবি দেখে নেটিজেনরা উচ্ছ্বসিত। তবে, বড় বড় চোখ আর এক রাশ কালো চুলের এই একরত্তিকে কার মতো দেখতে হয়েছে, তা নিয়ে অবশ্য নেটিজেনদের মধ্যে দ্বিমত রয়েছে। কেউ বলছেন, সে ‘এক্কেবারে বাবার মুখ বসানো’, আবার কেউ বলছেন ‘মায়ের মতোই হয়েছে’।
বুধবার সকাল ৬টা থেকেই শুরু হয়েছিল অনুষ্ঠানের প্রস্তুতি। প্রথমে ঠিক হয়েছিল কাঞ্চনের বাড়িতে প্রতিষ্ঠিত রাধাগোবিন্দের সামনে মেয়ের মুখে প্রসাদ দেওয়া হবে। কিন্তু পরবর্তীতে শ্রীময়ীর ইচ্ছেতেই ইসকনের মন্দিরে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। সকালে বাড়িতেই হয়েছে নান্দীমুখের মতো প্রাথমিক অনুষ্ঠান।
এরপর ইসকনের মন্দিরে মূল অনুষ্ঠানে দিদার কোলে বসে মহারাজের হাত থেকে প্রথম অন্ন অর্থাৎ প্রসাদ গ্রহণ করে কৃষভি। অন্নপ্রাশনের থালার বিবিধ সমাহার থেকে ছোট্ট কৃষভি কী বেছে নেবে, তা নিয়েও ছিল কৌতূহল। আর সকলের কৌতূহল মিটিয়ে সে বেছে নিয়েছে শ্রীমদ্ভগবদ্গীতা।
যেহেতু আয়োজন হয়েছিল ইসকনে, সেইজন্য খাবারের মেনুতে কোনও আমিষ পদ ছিল না। অন্নপ্রাশনের থালা থেকে বাদ গিয়েছে মাছের মাথাও। সাদা ভাত, পোলাও, আটার লুচি, শুক্তো, বেগুনি ভাজা, ডাল থেকে শুরু করে পনির, এঁচোড়, সবজির নানা পদ—সবকিছুরই এলাহি আয়োজন ছিল। কাঞ্চন জানিয়েছেন, চিকিৎসকের নিষেধ থাকায় প্রথমেই কৃষভির মুখে ভাত, ডাল, তরকারি কিছুই দেওয়া হয়নি। একেবারে সবকিছু খাওয়ানো ঠিক নয়। অল্প অল্প করে সমস্ত কিছুই সে ধীরে ধীরে খেতে শিখবে। প্রথমদিন তাই কেবল পায়েস দিয়েই কৃষভির অন্ন খাওয়া শুরু হল। কাঞ্চন অবশ্য মজা করে বলেছেন, ‘এই তো শুরু.. এরপরে চিপস খাওয়া ধরাব।’
অন্নপ্রাশন উপলক্ষে ছোট্ট কৃষভিকে বিভিন্ন পোশাকে সাজানো হয়েছিল। সকালের অনুষ্ঠানে সে পরেছিল লাল হলুদ একটি জামা। বেলা গড়াতেই পোশাক বদলে পরানো হয় লাল বেনারসি। মাথায় সোনার মুকুট, গলায় ছিল একাধিক সোনার হার। বাবা কাঞ্চন তাকে দিয়েছেন সোনার চিক, মা শ্রীময়ী গড়িয়ে দিয়েছেন রূপোর গয়না। ঠাকুমার হারও পরেছিল কৃষভি। তবে অনুষ্ঠানের শেষে গয়না পরতে তার প্রবল আপত্তি দেখা যায়। হার টেনে খুলে ফেলতে পারলেই সে বাঁচে যেন! শেষে ছিমছাম জামা পরেই সে স্বস্তি পায়। অবশ্য, বিকেলে আবার পোশাক বদলে লাল হলুদ ধুতি পাঞ্জাবি পরানো হয়েছিল কৃষভিকে। কপালে রসকলি এবং মাথায় ঝুঁটি বেঁধে তাকে কৃষ্ণ সাজে সাজানো হয়।
ইসকনের অনুষ্ঠানের শেষে মন্দিরের কীর্তনে অংশ নিয়েছিলেন কাঞ্চন, শ্রীময়ী ও পরিবারের সবাই। এরপর তাঁরা গিয়েছিলেন কালীঘাট মন্দিরে পুজো দিতে। সেখানে পুজো দিয়ে তারপরেই বাড়ির পথ ধরেন।
মেয়ের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা প্রসঙ্গে অভিনেতা ও বিধায়ক কাঞ্চন মল্লিক বলেন, ‘এই ব্যাপারে বাবার থেকে মায়ের মতামতই বেশি থাকে।’ তবে তাঁর এটুকুই ইচ্ছে যে বাড়ির কাছের কোনো একটা স্কুলেই মেয়েকে পড়াবেন। কিন্তু তার চেয়েও বড় প্রার্থনা, ‘যে স্কুলেই পড়ুক, পড়াশোনায় যেমনই হোক.. আমার মেয়ে যেন মানুষের মতো মানুষ হয়।’
কাঞ্চন মল্লিক জানিয়েছেন, দিদা আর দাদুর কোলে কৃষভি খুব আরাম পায়। বিশেষ করে দিদাই নাকি তার আসল মা, সারাদিন দিদাই তাকে সামলায়। ঘুমনোর জন্য কৃষভির সবচেয়ে প্রিয় তার দিদার কোল। আর ‘বুলবুল পাখি ময়না টিয়ে’ গান শুনলেই নাকি তার চোখে ঘুম নেমে আসে।
মা শ্রীময়ী জানিয়েছেন, কৃষভির জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল বেনারসি, যেটিতে সেজেছিল একরত্তি। মায়ের সঙ্গে রঙমিলান্তি শাড়িতে সেজেছিলেন শ্রীময়ী নিজেও, পরনে ছিল তাঁর নিজের বিয়ের লাল টুকটুকে বেনারসি। মাথা ভরা সিঁদুর এবং গলায় কাঞ্চনের উপহার দেওয়া গয়না ছিল তাঁর। লাল সাদা পাঞ্জাবিতে সেজেছিলেন কাঞ্চনও। দুজনেই ব্যস্ত ছিলেন অতিথি আপ্যায়নে, কাজ শেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন শ্রীময়ী।
সব মিলিয়ে কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের কন্যা কৃষভির মুখে ভাতের অনুষ্ঠান ছিল আনন্দমুখর এবং আধ্যাত্মিক পরিবেশে সম্পন্ন। ছোট্ট কৃষভিকে প্রথমবার প্রকাশ্যে দেখে খুশি অনুরাগী থেকে সাধারণ মানুষ।