বহুতল হোটেলে দাউদাউ আগুন, ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে মৃত কিশোর সহ ৪, আহত ৮ !

রাজস্থানের আজমেরে একটি বহুতল হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সাতসকালে ঘটে যাওয়া এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে প্রাণ বাঁচাতে বহুতল থেকে ঝাঁপ দিয়ে এক কিশোর সহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনায় কমপক্ষে আটজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। আহত সকলেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে আজমেরের ডিগ্গি মার্কেটের নাজ হোটেলে আজ, বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ। প্রথমেই আশেপাশের স্থানীয় বাসিন্দারা হোটেল থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন। তাঁরাই দ্রুত হোটেল কর্মীদের সতর্ক করেন এবং পুলিশ ও দমকলে খবর দেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন এবং আগুন নেভানোর কাজ শুরু করে। তবে হোটেলটি ঘিঞ্জি এলাকায় অবস্থিত হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ কিছুটা সময় লাগে। ততক্ষণে হোটেলের ভেতরে আটকে পড়া আতংকিত যাত্রীদের অনেকেই প্রাণ বাঁচাতে তিনতলা বা তার উপর থেকে নিচে লাফ দেন।
লাফিয়ে পড়া এবং আগুনে ঝলসে যাওয়া বেশ কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা এক কিশোর সহ চারজনকে মৃত বলে ঘোষণা করেন। আহত আটজনের মধ্যে পাঁচজন আগুনে ঝলসে গিয়েছেন এবং তাঁদের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আহতদের মধ্যে একজন মহিলা দমকলকর্মীও রয়েছেন। সকলের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমান পরিস্থিতি এবং আহতদের অবস্থা দেখে মৃতের সংখ্যা আরও বাড়তে পারার আশঙ্কা করা হচ্ছে।
দমকল বাহিনী হোটেলটি থেকে এখনও পর্যন্ত মোট ১৫ জনকে উদ্ধার করতে পেরেছে। দীর্ঘ চেষ্টার পর আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে।
দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই হোটেলে আগুন লেগেছে। তবে অগ্নিকাণ্ডের আসল কারণ এবং হোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
আজমেরের এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনাটি শহরের সুরক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। আহতদের চিকিৎসা চলছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।