ICSE-তে 99.04% পেয়ে দেশের সম্ভাব্য তৃতীয় কোন্নগরের ‘রাজদীপ’, তাঁর সাফল্যে উচ্ছ্বসিত পরিবার থেকে মুখ্যমন্ত্রী !

সদ্য প্রকাশিত আইসিএসসি দশম শ্রেণির পরীক্ষার ফলাফলে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন হুগলির কোন্নগরের বাসিন্দা রাজদীপ বন্দ্যোপাধ্যায়। মোট ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে দেশের মধ্যে সম্ভাব্য তৃতীয় স্থান অধিকার করেছেন তিনি। লিলুয়া এমসি কেবি স্কুলের এই কৃতী ছাত্র অঙ্ক, কম্পিউটার এবং কলা বিভাগ—এই তিনটি বিষয়ে ১০০-তে ১০০ নম্বর পেয়ে সবাইকে চমকে দিয়েছেন।

পাঁচশোর মধ্যে রাজদীপের প্রাপ্ত নম্বর ৪৯৭। তাঁর এই অসাধারণ সাফল্যে পরিবার, পাড়া প্রতিবেশী এবং স্কুলের শিক্ষকরা উচ্ছ্বসিত। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেও শুভেচ্ছা বার্তা এসেছে। মুখ্যমন্ত্রী রাজদীপকে একটি বিশেষ প্রশংসাপত্র পাঠিয়ে তাঁর কৃতিত্বের ভূয়সী প্রশংসা করেছেন।

রাজদীপের বাবা জয়দীপ বন্দ্যোপাধ্যায়ের পেশায় রেলের লোকো পাইলট এবং মা সৌমি বন্দ্যোপাধ্যায় গৃহবধূ। রাজদীপের পড়াশোনার পিছনে তাঁর বাবা-মায়ের যথেষ্টই অবদান রয়েছে। মা সৌমি বন্দ্যোপাধ্যায়ের কথায়, “আমি আর্টস গ্রুপটা দেখতাম, ওর বাবা সাইন্স গ্রুপটা পড়াত। ও এভাবেই ক্লাস নাইন পর্যন্ত আমাদের কাছেই পড়াশোনা করেছে।” দশম শ্রেণিতে ওঠার পর শুধুমাত্র ইংরেজি, কম্পিউটার ও ভূগোলের জন্য গৃহ শিক্ষক রাখা হলেও, প্রধান বিষয়গুলিতে বাবা-মায়ের কাছেই পড়ত সে। এছাড়াও স্কুলের শিক্ষকরাও তাঁর পড়াশোনার ব্যাপারে যথেষ্টই সাহায্য করেছেন। রাজদীপ জানিয়েছে, স্কুল না থাকলে সে নিজের চেষ্টায় প্রায় আট ঘণ্টা পড়াশোনা করত। তাঁর এই সাফল্যতে বাবা-মায়ের পরিশ্রম সার্থক হয়েছে বলে তাঁরা মনে করছেন।

রাজদীপের সাফল্যের নেপথ্যে রয়েছে তার বই পড়ার প্রতি গভীর ভালোবাসা। যেখানে আজকের তরুণ প্রজন্ম বেশিরভাগই অনলাইন মাধ্যমের উপর নির্ভরশীল, সেখানে রাজদীপ এখনও ভালোবাসে হাতে নিয়ে বই পড়তে। রাজদীপ নিজেই জানিয়েছে, “বই পড়তে আমার বেশি ভালো লাগে। পড়াশোনার বইয়ের বাদ দিয়ে গল্পের বই খুব পছন্দের আমার। শেক্সপিয়র হলেন আমার অন্যতম প্রিয় লেখক।” গল্পের বইয়ের পাশাপাশি বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন জার্নাল পড়তেও তাঁর ভালো লাগে।

অন্যান্য শখের তুলনায় রাজদীপের কাছে বই-ই আসল বন্ধু। খেলাধুলো বা গান-বাজনার মতো বিশেষ কোনো শখ তার নেই, বই পড়েই তার সারাদিন কেটে যায়। ভবিষ্যতে সে মেডিক্যাল সাইন্স নিয়ে পড়াশোনা করে একজন সফল চিকিৎসক হতে চায়।

রাজদীপ জানিয়েছে, পরীক্ষার পরে সে আশা করেছিল ভালো নম্বর পাবে। তবে, ৯৯.০৪ শতাংশ নম্বর যে সে পাবে, এতটা আশা সে করেনি। তাঁর বাবা-মা জয়দীপ বাবু ও সৌমি দেবী মনে করছেন, ছেলের পিছনে তাঁদের দেওয়া পরিশ্রম এবং স্কুলের শিক্ষকদের সাহায্য সার্থক হয়েছে। ছেলের এই সাফল্য তাঁদের গর্বিত করেছে এবং তারা আশাবাদী যে রাজদীপ ভবিষ্যতে তার লক্ষ্যে পৌঁছাতে পারবে।

কোন্নগরের রাজদীপ বন্দ্যোপাধ্যায়ের এই ঈর্ষণীয় ফল প্রমাণ করে দেয় যে, সঠিক অধ্যবসায়, পারিবারিক সহায়তা এবং পড়াশোনার প্রতি ভালোবাসা থাকলে যেকোনো কঠিন লক্ষ্য অর্জন করা সম্ভব। চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে সে এখন আগামী দিনের জন্য প্রস্তুত।