রেলযাত্রীদের জন্য সুখবর ! বদলে যাচ্ছে তৎকাল টিকিট কাটার নিয়ম, জানুন সময়সূচি?

ভারতীয় রেল কর্তৃপক্ষ যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে রেল পরিষেবা উন্নত করার জন্য একাধিক নতুন পদক্ষেপ নিচ্ছে। এবার দূরপাল্লার ট্রেনের তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে গুরুত্বপূর্ণ বদল আনার পাশাপাশি চালু হতে চলেছে নতুন বন্দে ভারত স্লিপার ট্রেন পরিষেবা, যা যাত্রীদের দীর্ঘদিনের চাহিদা পূরণ করবে বলে আশা করা হচ্ছে।
বদলে যাচ্ছে তৎকাল টিকিট বুকিংয়ের সময়সূচি:
জরুরি পরিস্থিতিতে দ্রুত টিকিট কাটতে গিয়ে যাত্রীদের অনেক সময় অনলাইনে টিকিট পেতে সমস্যায় পড়তে হয়, বিশেষ করে তৎকাল বুকিংয়ের সময় সার্ভারের উপর প্রচণ্ড চাপ থাকে। এই সমস্যা মেটাতেই আগামী ৩০ মে ২০২৫ থেকে দূরপাল্লার ট্রেনের তৎকাল টিকিট কাটার সময়সূচি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে রেল। রেল সূত্রে খবর, নতুন সময়সূচি অনুযায়ী তৎকাল টিকিট বুকিংয়ে চাপ অনেকটাই কমবে।
পরিবর্তিত সময়সূচি নিম্নরূপ:
এসি (1AC, 2AC, 3AC, CC) শ্রেণীর টিকিট বুকিং: সকাল ১১টা থেকে শুরু হবে।
নন-এসি (SL, 2S) শ্রেণীর টিকিট বুকিং: দুপুর ১২টা থেকে শুরু হবে।
রেল জানিয়েছে, সময়ের এই পরিবর্তনের ফলে সার্ভারের উপর চাপ কমবে এবং যাত্রীরা আরও সহজে ও দ্রুত টিকিট কাটতে পারবেন। তৎকাল টিকিট সাধারণত যাত্রার নির্ধারিত দিনের একদিন আগে থেকে IRCTC-র ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে অনলাইনে বুক করা যায়। একটি PNR-এর মাধ্যমে একটি পরিবারের ৪ জন সদস্যের টিকিট কাটা যায়। গুরুত্বপূর্ণ বিষয় হলো, তৎকাল টিকিট কনফার্ম হয়ে গেলে যাত্রার আগে বাতিল করলে সাধারণত রিফান্ড পাওয়া যায় না। টিকিট বুকিংয়ের সময় ব্যবহৃত আইডি প্রমাণপত্র সঙ্গে রাখা আবশ্যক।
আসছে শিয়ালদহ-নয়াদিল্লী বন্দে-ভারত স্লিপার ট্রেন:
কেন্দ্রীয় রেলমন্ত্রক এখন বন্দে-ভারত এক্সপ্রেসের স্লিপার কোচগুলির মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ দীর্ঘ রুটগুলিকে যুক্ত করার পরিকল্পনা করছে। এই পরিকল্পনার অংশ হিসেবে কলকাতা থেকে দিল্লী পর্যন্ত একটি দ্রুতগতির বন্দে-ভারত স্লিপার ট্রেন যুক্ত করার সম্ভাবনা তৈরি হয়েছে। রিপোর্ট অনুযায়ী, হাওড়া-দিল্লী বা শিয়ালদহ-দিল্লী রুটে রাজধানী এক্সপ্রেস এবং দুরন্ত এক্সপ্রেসের পর এই বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হতে পারে। বিশেষ করে শিয়ালদহ-নয়াদিল্লী রুটে এটি যুক্ত করার জোর পরিকল্পনা চলছে।
সম্ভাব্য তথ্য অনুযায়ী, শিয়ালদহ থেকে নয়াদিল্লী পর্যন্ত প্রায় ১৪৫৫ কিলোমিটার পথ এই ট্রেনটি প্রায় ১৫ ঘন্টার মধ্যেই অতিক্রম করতে সক্ষম হবে, যা এই রুটের অন্যান্য ট্রেনের তুলনায় অনেক কম সময়। সম্ভাব্য রুট বা স্টপেজগুলির মধ্যে থাকতে পারে আসানসোল জংশন, ধানবাদ জংশন, গয়া জংশন, ডিডি উপাধ্যায় জংশন এবং কানপুর সেন্ট্রাল। ট্রেনটিতে মোট ১৬টি কোচ থাকবে বলে জানা গেছে।
প্রস্তাবিত টিকিটের দাম সম্ভাব্য যা হতে পারে তা হলো – এসি 3-Tier কোচের জন্য প্রায় ৩২০০ টাকা, এসি 2-Tier কোচের জন্য প্রায় ৪২০০ টাকা এবং ফার্স্ট ক্লাস কোচের জন্য প্রায় ৫৩০০ টাকা।
সম্ভাব্য সময়সূচি অনুযায়ী, শিয়ালদহ থেকে এটি প্রতিদিন বিকেল ৪টের সময় ছেড়ে নয়াদিল্লী পৌঁছবে পরদিন সকাল ৭টায়। একইভাবে, নয়াদিল্লী থেকে সেটি প্রতিদিন বিকেল ৪টেয় ছেড়ে শিয়ালদহ এসে পৌঁছবে পরদিন সকাল ৭টায়।
রেলের এই নতুন নিয়ম ও পরিষেবা যাত্রীদের জন্য আরও স্বাচ্ছন্দ্য ও সুবিধা নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। তৎকাল টিকিট বুকিংয়ের সময়ের পরিবর্তন এবং দ্রুতগতির বন্দে ভারত স্লিপার ট্রেনের সংযোজন রেলযাত্রাকে আরও উন্নত ও আধুনিক করবে।