IPL-এর জনপ্রিয় AI রোবট কুকুর ‘চম্পক’, -কে নিয়ে বিপাকে BCCI, মামলা গড়াল হাই কোর্টে

এবারের IPL-এর ২২ গজের লড়াইয়ের উত্তাপের পাশাপাশি দর্শকরা মজেছেন মাঠে হাজির থাকা এক নতুন অতিথির খেলায় – সেটি হল একটি অত্যাধুনিক এআই রোবট কুকুর, যার নাম ‘চম্পক’। টস থেকে শুরু করে ম্যাচের বিভিন্ন মুহূর্তে এই রোবট সারমেয়র উপস্থিতি এবং খেলোয়াড়দের সঙ্গে তার খুনসুঁটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে, বিশেষ করে সুনীল গাভাস্কারের সঙ্গে তার একটি ভিডিও দারুণ জনপ্রিয়তা লাভ করেছে। তবে এই জনপ্রিয় রোবটটির নাম নিয়েই এবার আইনি জটিলতায় জড়িয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। দিল্লি হাইকোর্ট এই বিষয়ে বোর্ডকে একটি নোটিস পাঠিয়েছে।
জানা গেছে, ‘চম্পক’ নামের একটি বিখ্যাত শিশুদের পত্রিকা এই রোবট কুকুরের নাম নিয়ে আপত্তি তুলেছে। তাদের অভিযোগ, আইপিএলের মতো বৃহৎ প্ল্যাটফর্মে তাদের ট্রেডমার্ক করা ‘চম্পক’ নামটি ব্যবহার করা ট্রেডমার্ক নিয়ম লঙ্ঘন করছে। এই অভিযোগে ওই পত্রিকা কর্তৃপক্ষ দিল্লি হাইকোর্টে বিসিসিআই-এর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
এই মামলার প্রেক্ষিতেই আদালত বিসিসিআই-কে নোটিস পাঠিয়েছে। দিল্লি হাইকোর্ট বিসিসিআই-কে নির্দেশ দিয়েছে আগামী চার সপ্তাহের মধ্যে এই অভিযোগের বিষয়ে তাদের জবাব আদালতে জমা দিতে হবে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে চলতি বছরের ৯ জুলাই।
উল্লেখ্য, রিপোর্ট অনুযায়ী এই বিতর্কিত নাম ‘চম্পক’ ফ্যানদের ভোটিংয়ের মাধ্যমেই AI রোবট কুকুরটির জন্য বেছে নিয়েছিল বিসিসিআই। ফ্যানদের পছন্দের নাম হওয়া সত্ত্বেও এখন এই নাম নিয়েই অপ্রত্যাশিত আইনি বিড়ম্বনায় পড়তে হল ক্রিকেট বোর্ডকে। এবারের আইপিএল একদিকে যেমন জমজমাট ক্রিকেটীয় লড়াই এবং নতুন প্রতিভার উত্থান দেখছে, তেমনই এই ‘চম্পক’ বিতর্ক এক অন্য মাত্রা যোগ করল।