ঝড়বৃষ্টিতে বাড়ির বৈদ্যুতিক ডিভাইস সুরক্ষিত রাখবেন যেভাবে, জেনেনিন কয়েকটি উপায়

বৈশাখের ঝড়বৃষ্টি শুধু যখন তখন আপনাকে বিপদে ফেলবে না, ঘরের মূল্যবান বৈদ্যুতিক সরঞ্জামগুলোর জন্যও এটি বড় হুমকি। এই সময় তাপমাত্রা হঠাৎ পরিবর্তন এবং বজ্রপাতের কারণে টিভি, ফ্রিজ, এসি সহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই ঝড়বৃষ্টির সময় নিজের সুরক্ষার পাশাপাশি এই ডিভাইসগুলো সুরক্ষিত রাখতেও বাড়টি সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি।

বজ্রপাত ও ঝড়বৃষ্টির হাত থেকে আপনার এসি, ফ্রিজ, টিভি এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখতে কী কী জরুরি পদক্ষেপ গ্রহণ করবেন, তা জেনে নিন:

১. দরজা-জানালা বন্ধ করুন: ঝড়বৃষ্টি শুরু হওয়ার আগেই বা আকাশে ঘন কালো মেঘ দেখলেই বাড়ির সমস্ত দরজা ও জানালা বন্ধ করে দিন। বিশেষ করে কাঁচের জানলা বা দরজা হলে দ্রুত এটি করুন। খোলা জানালা দিয়ে বজ্রপাতের ইলেক্ট্রিক শক বা স্পার্ক ঘরে প্রবেশ করে মূল্যবান সরঞ্জাম নষ্ট করে দিতে পারে।

২. বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করুন ও প্লাগ খুলে ফেলুন: ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সময় প্রতিটি বৈদ্যুতিক যন্ত্র থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা অত্যাবশ্যক। আকাশে ঘন কালো মেঘ দেখলেই বাজ পড়ার জন্য অপেক্ষা না করে দ্রুত এই কাজটি সবার আগে করে ফেলতে হবে। শুধু সুইচ বন্ধ করলেই হবে না, প্রতিটি যন্ত্রের প্লাগ সকেট থেকে খুলে ফেলতে হবে। বিশেষ করে এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, টিভি-র মতো হাই ভোল্টেজের ইলেকট্রনিক জিনিসের ক্ষেত্রে এটি খুবই জরুরি। বজ্রপাতের সময় সুইচ বা প্লাগে সরাসরি হাত না দেওয়াই ভালো।

৩. বাড়ি ছাড়ার আগে সতর্কতা: এই ঋতুতে কখন ঝড়বৃষ্টি শুরু হবে তার কোনও ঠিক নেই। তাই বাড়িতে যদি কেউ না থাকেন, অফিসে যাওয়ার সময় বা দিনের বেলায় বাড়ি থেকে বের হওয়ার সময়ই এসি, ফ্রিজ, টিভির মতো গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির সুইচ বন্ধ করে প্লাগ খুলে রাখার অভ্যাস করুন। তাহলে হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হলেও আপনার ডিভাইসগুলো সুরক্ষিত থাকবে এবং আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন।

৪. ফোনের ক্ষেত্রে সতর্কতা: ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সময় মোবাইল ফোনের প্রতিও সচেতন হওয়া প্রয়োজন। এই সময় ফোন চার্জে বসিয়ে রাখবেন না। প্রয়োজন ছাড়া ফোন করা বা ফোন ধরার দরকার নেই। বজ্রপাতের সময় ফোনের ব্যবহার কমিয়ে ফেলাই বুদ্ধিমানের কাজ।

৫. বাড়ির আর্থিং ঠিক রাখুন: বাড়ির বৈদ্যুতিক ব্যবস্থার আর্থিং (Earthing) সঠিক আছে কিনা, তা ভালোভাবে পরীক্ষা করিয়ে নেওয়া জরুরি। বজ্রপাত থেকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে আর্থিংয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনার বাড়িতে যদি সঠিক আর্থিং ব্যবস্থা না থাকে, তাহলে দ্রুত ইলেক্ট্রিশিয়ান দিয়ে সেটির ব্যবস্থা নিন।

৬. ল্যাপটপ চার্জ ও অবস্থান: অযথা বিদ্যুতের ব্যবহার না করাই ভালো। ল্যাপটপে কোনও কাজ থাকলে ঝড়বৃষ্টির সময় তা চার্জ থেকে খুলে ব্যাটারি দিয়ে ব্যবহার করুন। খোলা জানালার পাশে ফোন বা ল্যাপটপ রাখবেন না। যদিও বজ্র নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেন, মোবাইল বজ্রপাতকে আকর্ষণ করে না, তবে কাছাকাছি বাজ পড়লে বা মোবাইলে বাজ পড়লে ডিভাইসটি পুড়ে যাওয়ার বা গলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর জন্য বিপজ্জনক হতে পারে।

এই সহজ সতর্কতাগুলি মেনে চললে বৈশাখের ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সময় আপনি আপনার মূল্যবান ইলেকট্রনিক সরঞ্জামগুলিকে সুরক্ষিত রাখতে পারবেন।

সূত্র: দ্য ইন্ডিয়ান টাইমস