কঠিন পরিস্থিতিতেও চাঙ্গা শেয়ার বাজার, কোন জাদুতে সেনসেক্স বাড়ল ১০০০পয়েন্টের বেশি?

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার প্রেক্ষিতে পাকিস্তানের সঙ্গে চাপা উত্তেজনার আবহ এবং বিশ্ব বাজারে নানা অনিশ্চয়তা, এ সবের মধ্যেও সোমবার সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে দুরন্ত পারফরম্যান্স দেখাল ভারতের শেয়ার বাজার। বম্বে স্টক এক্সচেঞ্জ (BSE) সূচক সেনসেক্স এদিন ১ হাজার ৫ পয়েন্ট বা ১.২৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ফের ৮০ হাজারের গণ্ডি পার করেছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) সূচক নিফটি৫০ সোমবার ২৮৯ পয়েন্ট বা ১.২০ শতাংশ বেড়ে ২৪ হাজার ৩২৮ পয়েন্টে অবস্থান করছে।

সোমবারের এই সামগ্রিক বৃদ্ধির ফলে দুই স্টক এক্সচেঞ্জের স্মল ক্যাপ এবং মিড ক্যাপ ইনডেক্সগুলিও ইতিবাচক ধারায় লেনদেন শেষ করেছে। নিফটি আইটি ছাড়া প্রায় সমস্ত সেক্টরাল সূচকই এদিন বৃদ্ধি পেয়েছে। এই দুরন্ত পারফরম্যান্সের জেরে বম্বে স্টক এক্সচেঞ্জে লিস্টেট কোম্পানিগুলির সম্মিলিত মার্কেট ক্যাপিটালাইজ়েশন একদিনেই প্রায় ৩ লক্ষ কোটি টাকা বেড়ে ৪২৫ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে।

কঠিন পরিস্থিতিতেও শেয়ার বাজারের এই বৃদ্ধির জন্য একাধিক কারণ চিহ্নিত করেছেন বাজার বিশেষজ্ঞরা। তাঁদের মতে, পহেলগাঁওতে জঙ্গি হামলার পর ভারত পাকিস্তানের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে এবং বিভিন্ন ব্যাপারে চাপ বাড়ালেও তৎক্ষণাৎ যুদ্ধ শুরুর মতো সামরিক পদক্ষেপ নেয়নি, যা বাজারে ভরসা জুগিয়েছে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এটি ভারতীয় বাজারের সহনশীলতাকেও প্রকাশ করেছে।

বিশ্ব বাণিজ্যে যে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ ঘোষণার জেরে, তা বর্তমানে অনেকটা স্থিমিত হয়েছে। ৯০ দিনের জন্য শুল্ক স্থগিত রয়েছে এবং বিভিন্ন দেশ ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি এড়াতে উদ্যোগী হয়েছে। বিশ্ব বাণিজ্যের নিরিখে এটিকে একটি সদর্থক বার্তা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা, যা বাজারের জন্য ইতিবাচক।

এছাড়াও, গত কয়েক সপ্তাহে ভারতের বাজার থেকে বিদেশি লগ্নি বা ফরেন পোর্টফোলিও ইনভেস্টরদের (FPI) সরে যাওয়ার প্রবণতা অনেকটা কমেছে। বরং গত কয়েক ট্রেডিং সেশনে তারা ফের ভারতের বাজারে লগ্নি শুরু করেছেন। ডলার ইয়েল্ডের দুর্বল হওয়ার পর চিনের বাজার থেকে মুখ ফেরানো বিদেশি লগ্নিকারীদের একাংশ ভারতের বাজারের দিকে ঝুঁকেছেন। বাজার বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে এই প্রবণতাকেও চিহ্নিত করা হচ্ছে।

(বিশেষ দ্রষ্টব্য: এই খবরটি শেয়ার বাজারে বিনিয়োগের জন্য কোনও পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগ করার আগে ভালোভাবে পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়। এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য প্রদান এবং সচেতন করার উদ্দেশ্যে প্রকাশিত।)

Editor001
  • Editor001