মোদী-রাজনাথের মধ্যে ৪০ মিনিটের রুদ্ধদ্বার বৈঠক, পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত?

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলার পর ভারত কী জবাব দেবে, এই প্রশ্ন যখন সারা দেশে ঘুরপাক খাচ্ছে এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর গত কয়েকদিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে গুলি বিনিময় চলছে, ঠিক তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্রায় ৪০ মিনিট ধরে চলা এই রুদ্ধদ্বার বৈঠকটি ভারতের পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে।

এদিন বিকেলে প্রধানমন্ত্রী মোদীর বাসভবনে এই বৈঠক হয়। সূত্র মারফত জানা গেছে, গত কয়েকদিন ধরে কাশ্মীরে নিরাপত্তা বাহিনী জঙ্গিদের বিরুদ্ধে যে অভিযান চালাচ্ছে, একাধিক ঘাঁটির খোঁজ পেয়েছে এবং জঙ্গিদের বাড়িও ধ্বংস করেছে, সেই বিষয়েই মূলত মোদী ও রাজনাথের মধ্যে আলোচনা হয়েছে।

এই গুরুত্বপূর্ণ বৈঠকের আগে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সাউথ ব্লকে গিয়েছিলেন। সেখানে কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে তাঁকে ব্রিফিং করেন সেনা প্রধান। উল্লেখ্য, পহেলগাঁও হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপও নিয়েছে, যার মধ্যে পাকিস্তানি নাগরিকদের ভারত ত্যাগের নির্দেশ এবং সিন্ধু জল বণ্টন চুক্তি স্থগিত রাখা অন্যতম।

২২ এপ্রিল পহেলগাঁওয়ের বইসারান এলাকায় এই ভয়াবহ জঙ্গি হামলা হয়। পুলওয়ামার পরে এটিকে সবচেয়ে বড় জঙ্গি হামলা হিসেবেই দেখা হচ্ছে। জঙ্গিরা ২৬ জন পর্যটককে গুলি করে হত্যা করে বলে অভিযোগ। হামলাকারীরা পর্যটকদের ধর্মীয় পরিচয় জেনে তারপরে গুলি করেছে বলেও অভিযোগ উঠেছে। লস্কর-ই-তৈবা থেকে তৈরি হওয়া সংগঠন রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হামলার দায় স্বীকার করেছে। ভারত সরকার এই ঘটনায় পাকিস্তানের প্রত্যক্ষ মদত রয়েছে বলে অভিযোগ করেছে এবং এমন হামলার যোগ্য জবাব দেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে।

ভারত সরকার প্রথম থেকেই এই হামলার কড়া জবাব দেওয়ার কথা বলছে। রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী মোদী আশ্বাস দিয়েছিলেন যে পহেলগাম হামলার চক্রীদের জবাব দেওয়া হবে।

এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীর সোমবারের এই রুদ্ধদ্বার বৈঠক ভারতের পরবর্তী পদক্ষেপের সম্ভাবনাকে আরও জোরালো করেছে। পাকিস্তান কি কোনও বড় ধরনের প্রত্যাঘাতের মুখে পড়তে চলেছে? সামরিক নাকি অন্য কোনও পথে ভারত জবাব দেবে? ভারতের জবাব কী হবে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সব মহলে।