পাকিস্তানে বিবাহিত বহু ভারতীয় মহিলারা বিপাকে, ফিরতে পারছেন না নিজেদের শ্বশুরবাড়িতে !

জম্মু কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত সরকার স্বল্পমেয়াদি ভিসায় এদেশে থাকা পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে। এই কড়া পদক্ষেপের জেরে পাকিস্তানে বিবাহিত বেশ কিছু ভারতীয় মহিলা গুরুতর সমস্যার সম্মুখীন হয়েছেন। এই মুহূর্তে যারা বিভিন্ন কারণে ভারতে এসেছিলেন, তারা এখন নিজেদের পাকিস্তানে থাকা পরিবারের কাছে ফিরতে পারছেন না।

জানা গেছে, এই মহিলারা ভারতীয় নাগরিক এবং ভারতীয় পাসপোর্ট ব্যবহার করেই এতদিন পাকিস্তানে যাতায়াত করতেন। পাকিস্তানে বিয়ে করে তারা সেখানেই বসবাস করেন। কিন্তু বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে এবং ভারত সরকারের কড়া অবস্থানের জেরে তাঁদের স্বাভাবিক যাতায়াত বন্ধ হয়ে গেছে।

ভারত সরকার কর্তৃক নির্দিষ্ট ভিসাধারী পাকিস্তানি নাগরিকদের একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে ভারত ছাড়ার নির্দেশের পরেই পাকিস্তানে বসবাসকারী এই ভারতীয় মহিলাদের পাকিস্তানে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তারা বলছেন, তারা ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও এই পরিস্থিতির শিকার হচ্ছেন এবং পাকিস্তানে থাকা নিজেদের পরিবারের কাছে ফিরতে পারছেন না। এই নিয়ে তারা তীব্র ক্ষোভ উগড়ে দিচ্ছেন। বর্তমান পরিস্থিতির দ্রুত সমাধান করে তাঁদের পাকিস্তানে ফেরার ব্যবস্থা করার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন বলে জানা গেছে।