পহেলগাঁও জঙ্গি হামলায়, আপত্তিকর পোস্টে লাইক দেন প্রাক্তন বিগ বস সদস্য ‘আয়েশা খান ‘

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলার পর যখন গোটা দেশ জুড়ে পাকিস্তান বিরোধী স্লোগান ও জঙ্গিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জোরালো হচ্ছে, ঠিক সেই সময়েই কাশ্মীর সম্পর্কিত একটি অত্যন্ত আপত্তিকর পোস্টে লাইক দিয়ে বিতর্কের কেন্দ্রে চলে এসেছেন বিগ বস-১৭ খ্যাত প্রতিযোগী আয়েশা খান। এই ঘটনা তাঁকে নেটনাগরিকদের প্রবল সমালোচনার মুখে ঠেলে দিয়েছে।

বিতর্কের সূত্রপাত কাশ্মীরি লেখক জলিস হায়দারের একটি ইনস্টাগ্রাম পোস্ট থেকে। তিন দিন আগে করা ওই পোস্টে জলিস হায়দার দাবি করেন যে কাশ্মীরের আসল পরিস্থিতি মোটেও স্বর্গীয় নয়, বরং সেখানে চাপা অশান্তি বিদ্যমান। তিনি লেখেন, সাধারণ মানুষের মৃত্যুতে তিনি শোক প্রকাশ করেন, কিন্তু শোকের সঙ্গে বাস্তবতাকে গুলিয়ে ফেলা উচিত নয়। তাঁর মতে, কাশ্মীর ভারতীয়দের কাছে কেবল ‘নান্দনিক বিশ্রামাগার’, ‘আধ্যাত্মিক চেতনা’ শান দেওয়ার জায়গা বা ইনস্টাগ্রামে ‘স্বর্গীয় সৌন্দর্য’ তুলে ধরার মতো স্থান নয়। তিনি বলেন, যারা কাশ্মীরকে নিজেদের ঘর মনে করে, তাদের জীবন শান্তিতে কাটে না; তারা প্রতি মুহূর্তে নজরদারি ও ক্ষমতার চাপে থাকে এবং যেকোনো মুহূর্তে হিংসা বা নিখোঁজ হয়ে যাওয়ার আশঙ্কায় কাজ করে।

এই পোস্টের সবথেকে বিতর্কিত অংশ ছিল জলিস হায়দারের এই দাবি যে ‘কাশ্মীরে ভারতীয়রা স্বাগত নন’। তিনি লেখেন, “আমাদের যন্ত্রণা নিয়ে কল্পনা করতে বা জন্মভূমিকে পর্যটনের সৌন্দর্যে মুড়ে ফেলতে ভারতীয়দের আমাদের জন্মভূমিতে আসার কোনও প্রয়োজন নেই। আপনারা ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন আর প্রমাণ করার চেষ্টা করেন এই উপত্যকা যেন স্বর্গের মতো। অথচ এখানকার নিষ্ঠুর বাস্তব আপনারা কখনোই মেনে নেন না।”

কাশ্মীরি লেখক জলিস হায়দারের এই অত্যন্ত বিতর্কিত এবং ‘কাশ্মীরে ভারতীয়রা স্বাগত নন’ বিষয়ক পোস্টটিতেই লাইক করে বসেন বিগ বস-১৭ প্রতিযোগী আয়েশা খান। বিষয়টি মুহূর্তেই নেটিজেনদের নজরে আসে এবং তার তীব্র সমালোচনার ঝড় ওঠে। একজন ক্ষুব্ধ নেটিজেন মন্তব্য করেন, “এই ধরনের ব্যক্তিরা কখনোই তাদের ধর্মের চেয়ে দেশকে বড় করে দেখতে পারে না।”

যদিও বিতর্ক বাড়ার মুখে আয়েশা খান ওই পোস্ট থেকে নিজের লাইক প্রত্যাহার করে নেন, ততক্ষণে তাঁর লাইক করার স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায়। অনেক নেটিজেন মুম্বই পুলিশকে ট্যাগ করে আয়েশার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী টিভি অভিনেতা রবি দুবেকে অনুরোধ করেছেন যাতে আয়েশা খানকে তাঁর ধারাবাহিক ‘দিল কো রফু কর লে’ থেকে বাদ দেওয়া হয়। অন্য একজন ব্যবহারকারী ফের একই ক্ষোভ প্রকাশ করে লেখেন – এই লোকেরা কখনোই তাদের ধর্মের ঊর্ধ্বে দেশকে স্থান দিতে পারে না। এই তীব্র বিতর্ক নিয়ে আয়েশা খান নিজে অবশ্য এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া জানাননি।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গিহানায় যেভাবে ২৬ জন নিরীহ মানুষের প্রাণ গিয়েছে, তাতে সমগ্র দেশবাসী গভীর শোক ও আতঙ্কে রয়েছে। এই ভয়াবহ ঘটনার রেশ সহজে কাটবে না। ঘটনার পর থেকেই চলচ্চিত্র ও টেলিভিশন জগতের বহু তারকা এর তীব্র নিন্দা জানিয়েছেন এবং জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।