বৈশাখী দহনে আগাম গরমের ছুটি ! কবে খুলবে স্কুল? পড়ুয়াদের জন্য খুশির খবর

তীব্র বৈশাখী দহনে পুড়ছে বাংলা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যেই তীব্র তাপপ্রবাহ শুরু হয়ে গেছে। ভ্যাপসা এবং অস্বস্তিকর গরমে কার্যত নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। এই চরম পরিস্থিতিতে পড়ুয়াদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগেভাগেই গরমের ছুটি (Summer Vacation) ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বুধবার, ৩০ এপ্রিল থেকেই রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়গুলিতে শুরু হচ্ছে গ্রীষ্মকালীন অবকাশ।
ভরা বসন্তেই অপ্রত্যাশিতভাবে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছিল, যা এপ্রিলের শেষে এসে তীব্র তাপপ্রবাহের রূপ নিয়েছে। এই প্রখর রোদে স্কুলে যাওয়া এবং শ্রেণিকক্ষে বসে ক্লাস করা ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত কষ্টকর ও স্বাস্থ্যকর নয়। পড়ুয়াদের সুবিধা-অসুবিধা এবং ঝুঁকির কথা বিবেচনা করেই সরকার এই ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।
এই ঘোষণার পর থেকেই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে – এবারের গরমের ছুটি কতদিন চলবে? কবে আবার বিদ্যালয়গুলির দরজা খুলবে?
গত বছরও তাপপ্রবাহের কারণে রাজ্যের ছাত্রছাত্রীরা একটানা বেশ অনেকদিন গরমের ছুটি পেয়েছিল, যা প্রায় দু মাস পর্যন্ত দীর্ঘ হয়েছিল। চলতি বছরও যেভাবে তাপমাত্রা হু হু করে বৃদ্ধি পাচ্ছে এবং তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে, তা দেখে অনেকেই মনে করছেন যে এবারও হয়তো লম্বা গরমের ছুটি মিলতে পারে। আবহাওয়া পরিস্থিতি যদি এরকমই চলতে থাকে, তাহলে সরকার ‘সামার ভ্যাকেশন’-এর মেয়াদ বাড়াতে পারে বলে অনেকে মনে করছেন।
এই ছুটি সংক্রান্ত বিষয়ে স্কুল শিক্ষা দফতর (School Education Department) চলতি মাসেই একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। সেখানে স্পষ্টভাবে জানানো হয় যে, ৩০ এপ্রিল থেকে রাজ্যের বিদ্যালয়গুলিতে গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে এবং ‘পরবর্তী নির্দেশ না আসা অবধি’ এই ছুটি কার্যকর থাকবে। অর্থাৎ, গরমের ছুটি শেষ করে স্কুল কবে পুনরায় খুলবে, তা আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে পরে আরও একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হবে। এই বিজ্ঞপ্তি মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকেও পাঠিয়ে দেওয়া হয়েছে।
স্কুল শিক্ষা দফতরের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছিল, অতিরিক্ত গ্রীষ্মকালীন অবকাশের কারণে যদি পড়ুয়াদের পঠনপাঠন বিঘ্নিত হয় বা সিলেবাস শেষ করতে অসুবিধা হয়, তাহলে বিদ্যালয় খোলার পর বাড়তি ক্লাস বা প্রয়োজনে স্কুল সময়ের বাইরে বিশেষ ক্লাস নিয়ে সেই ক্ষতি পুষিয়ে নেওয়া যেতে পারে।
গত কয়েকদিনে রাজ্যের নানান জেলার তাপমাত্রা যেভাবে অস্বাভাবিক হারে বেড়েছে, তাতে স্কুল পড়ুয়ারা সত্যিই লম্বা গরমের ছুটি পাবে কিনা, সেই জল্পনা জোরালো হচ্ছে। তবে এটি এক মাস না দু’মাস বা তার বেশি হবে, এবং স্কুল কবে নাগাদ খুলবে, তা জানতে আমাদের আরও কিছু দিন অপেক্ষা করতে হবে রাজ্য সরকারের আনুষ্ঠানিক ঘোষণার জন্য। আপাতত ৩০ এপ্রিল থেকে শুরু হওয়া ছুটি কতদিনে শেষ হবে, সেই অনিশ্চয়তা নিয়েই প্রহর গুনছে পড়ুয়া ও অভিভাবকেরা।