“হয় আমাদের জল, না হয় তাদের রক্ত বইবে”-সিন্ধু চুক্তি স্থগিতে ‘ভয়ে’ হুমকি বিলাওয়াল ভুট্টোর

সিন্ধু জল চুক্তি স্থগিত বা পরিবর্তনের সম্ভাবনা নিয়ে ভারত সরকারের সাম্প্রতিক ইঙ্গিতগুলিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তান। এই পরিস্থিতিতে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান এবং প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যদি সিন্ধুর জল আটকে দেওয়া হয়, তবে তার ফল ভুগতে হবে।

শুক্রবার এক জনসভায় ভাষণ দিতে গিয়ে বিলাওয়াল বলেন, ‘হয় আমাদের জল, না হয় তাদের রক্ত এর মধ্য দিয়ে প্রবাহিত হবে। সিন্ধু আমাদের এবং আমাদেরই থাকবে।’ তিনি দাবি করেন, সিন্ধু সভ্যতার প্রকৃত রক্ষক পাকিস্তানই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করে ভুট্টো বলেন, মোদী বলেন যে তাঁরা হাজার হাজার বছরের পুরনো সভ্যতার উত্তরাধিকারী, কিন্তু সেই সভ্যতা আসলে লারকানার মহেঞ্জোদারোতে অবস্থিত। ‘আমরাই এর প্রকৃত রক্ষক এবং আমরা এটিকে রক্ষা করব,’ বলেন ভুট্টো।

উল্লেখ্য, বহু বছরের আলোচনার পর ১৯৬০ সালের সেপ্টেম্বরে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তি সিন্ধু অববাহিকার ছয়টি নদীর জল কীভাবে ব্যবহার এবং বন্টন করা হবে তা নিয়ন্ত্রণ করে। ভারত যদি এই চুক্তি স্থগিত করে বা একতরফাভাবে পরিবর্তন করে, তবে তা ভবিষ্যতে পাকিস্তানের জন্য বিরাট প্রভাব ফেলবে। কারণ পাকিস্তানের ৮০% কৃষিজমিতে চাষাবাদ এই নদীর জলের ওপরে নির্ভরশীল। ভুট্টো বলেন, ‘না পাকিস্তান, না আন্তর্জাতিক সম্প্রদায় মোদীর যুদ্ধবাজি বা সিন্ধুর জল অন্যদিকে সরানোর চেষ্টা সহ্য করবে না।’

সম্প্রতি বিহারের এক জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পহেলগাঁও হামলার প্রেক্ষিতে পাকিস্তানের প্রতি কঠোর বার্তা দিয়ে বলেছিলেন যে প্রতিটি সন্ত্রাসবাদী ও তাদের সমর্থককে শাস্তি দেওয়া হবে এবং পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাদের তাড়া করা হবে। মোদীর এই বার্তার পরই পাকিস্তানের রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া শুরু হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের পর বিলাওয়াল ভুট্টো-জারদারি হলেন দ্বিতীয় পাকিস্তানি নেতা যিনি সরাসরি মোদীকে নিশানা করলেন।

সন্ত্রাসবাদের প্রসঙ্গে বিলাওয়াল ভুট্টো-জারদারি বলেছেন যে পাকিস্তান ইতিমধ্যেই সন্ত্রাসবাদী হামলার নিন্দা জানিয়েছে। তবে তিনি অভিযোগ করেন যে ভারত তার নিজস্ব সরকারের ব্যর্থতা আড়াল করার জন্য পাকিস্তানকে দোষারোপ করছে। সিন্ধু জল চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই বিলাওয়ালের এই হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলে মনে করা হচ্ছে।