“যুদ্ধটা কী হাইব্রিড মডেলে দুবাইয়ে হবে?” পাক সরকারকে তোপ পাকিস্তানিদের, এক্সে পোস্ট করলেন ফুংশুক

আমির খান অভিনীত এবং ভারতীয়দের মনে গেঁথে থাকা চরিত্র ‘ফুংশুক ওয়াংডু’ – ‘থ্রি ইডিয়টস’ সিনেমার এই চরিত্রটি অনুপ্রাণিত হয়েছিল বাস্তব জীবনের উদ্ভাবক ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের থেকে। প্রথাগত শিক্ষা এবং সমাজের নানা দিক নিয়ে প্রশ্ন তোলা এই ছবিটি আজও প্রাসঙ্গিক। এবার সেই সোনম ওয়াংচুক সাম্প্রতিক কাশ্মীর হামলার ঘটনা প্রসঙ্গে মুখ খুলেছেন এবং একইসঙ্গে পাকিস্তানের অর্থনৈতিক সংকট ও সে দেশের মানুষের হতাশার চিত্র সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন।
নিজের এক্স (আগের টুইটার) হ্যান্ডেলে একাধিক পোস্ট ও স্ক্রিনশট শেয়ার করে তিনি দেখিয়েছেন কীভাবে পাকিস্তানি নাগরিকরাই নিজেদের দেশের দুরবস্থা নিয়ে মজা করছেন। যুদ্ধ প্রসঙ্গ উঠলে সেখানে যেমন ‘৯টা ১৫-র পর গ্যাস না থাকার’ কথা বলে রসিকতা হচ্ছে, তেমনই কেউ কেউ লিখছেন ভারতকে বোঝা উচিত তারা কত ‘গরিবদের’ সঙ্গে লড়ছে! ক্রিকেট সংঘাত টেনে এনে কেউ প্রশ্ন তুলছেন যুদ্ধ কি এবার দুবাইয়ের ‘হাইব্রিড মডেলে’ হবে, নাকি ভারতেই আসবে? এমনকি মোটরসাইকেলকে মিসাইল বানিয়ে পাকিস্তানি পতাকা লাগিয়ে ছবি তোলার মতো মিমও ভাইরাল হয়েছে, যা নিয়ে নেটিজেনদের হাসির রোল উঠেছে।
These Pak people are roasting themselves on a different level 😭 pic.twitter.com/ckAA4F2So1
— Phunsuk Wangdu (@Phunsukwangduji) April 25, 2025
সোনম ওয়াংচুক এই পোস্টগুলোর মাধ্যমে মূলত পাকিস্তানের গভীর অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অস্থিরতার দিকটি তুলে ধরেছেন। পাশাপাশি আন্তর্জাতিক মহলে জঙ্গি মদতদাতা হিসেবে কোণঠাসা হওয়া ইসলামাবাদ যে দেশের ভেতর থেকেই সমালোচিত হচ্ছে, বিশেষ করে সম্প্রতি হিন্দু পর্যটকদের উপর নৃশংস হামলার পর, সেটাও স্পষ্ট হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ার এই রসিকতা ও মিমগুলো পাকিস্তানের সাধারণ মানুষের হতাশা এবং ক্ষোভেরই প্রতিফলন বলে মনে করা হচ্ছে।